![]()
ইবি রিপোর্ট
বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে অর্থ জোগাতে ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড থেকে অর্থ সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি বন্ড এবং শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য সুকুকেও গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি চলছে। নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এ বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে।
গতকাল রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে এসব পরিকল্পনা তুলে ধরা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে। ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন অর্থায়নের উৎস খুঁজে বের করার পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ সরকারের অন্যতম লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে বিচক্ষণ ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে হবে।
অর্থায়নের বিকল্প উৎস হিসেবে সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের কথা ভাবছে সরকার। অর্থমন্ত্রী বলেন, ঋণের পরিমাণের চেয়ে বেশি বিবেচ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে সেই অর্থ কতটা কাজে লাগছে।
দেশি-বিদেশি উৎস থেকে পুঁজি সংগ্রহের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ব।’
এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর সিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতাও বাড়ছে। সময়মতো ঋণ পরিশোধ নিশ্চিত করতে সরকারি গ্যারান্টিসহ সরকারি ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ দেন তিনি। পাশাপাশি ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
বাজেটের ঝুঁকি কমাতে অভ্যন্তরীণ বন্ড বাজারের পরিসর বাড়ানোর পরামর্শও দেন ঝাং। এ ছাড়া প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়ব্যবস্থা জোরদার করার কথা বলেন তিনি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্পগুলোর তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
এডিবির পরামর্শক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন সরকারি ঋণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। কোন পরিস্থিতিতে সরকারি ঋণ অর্থনীতিতে সুফল আনে এবং কখন অতিরিক্ত ঋণ বাজেটের স্থিতিশীলতা দুর্বল করে, তা ব্যাখ্যা করেন তিনি। অতিরিক্ত ঋণ কীভাবে বেসরকারি বিনিয়োগের সুযোগ কমিয়ে দিতে পারে, সে বিষয়েও আলোচনা করেন।
তিন মাসের মধ্যে সার্বভৌম বন্ড
আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে বন্ডের পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
তানভীর শাহরিয়ার গনি বলেন, বেসরকারি খাত এত দিন মূলত ব্যাংক থেকে ঋণ নিয়েছে। পুঁজিবাজারে যাওয়ার বা বন্ড ছাড়ার প্রবণতা ছিল না। এতে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ তৈরি হয়েছে। উচ্চ সুদে ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকার ও বেসরকারি খাত—উভয়ের জন্য বন্ডসহ বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করা হচ্ছে।
সামনে ঋণ পরিশোধের চাপ
অর্থমন্ত্রী জানান, অতীতে নেওয়া বড় অঙ্কের ঋণ পরিশোধের সময় এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে এই ব্যয় বেড়ে সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
ঋণ ব্যবস্থাপনা টেকসই করতে রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে বড় সংস্কার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ লক্ষ্যে করজাল সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, বিশ্ববাজারে সুদের হার ও মুদ্রার বিনিময় হারের ওঠানামা সরকারের ঋণ গ্রহণকে আরও জটিল করেছে। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং সেগুলোর আসল-সুদ পরিশোধের তথ্যসংবলিত প্রতিবেদন উন্নত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী এবং আরও বেশি বিনিয়োগকারীকে বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে টাকার হিসাবে বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় দ্বিগুণের বেশি হওয়ার প্রক্ষেপণ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি ঋণের পরিমাণ ছিল জিডিপির প্রায় ৩৯ শতাংশের কম। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ অনুপাত কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না। তবে সংস্থাটির শর্ত ও কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ হতে পারে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি কর্মদল কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করে ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া হবে।
বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও আইএমএফের কঠোর শর্তযুক্ত ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, কর্মসূচি বন্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এটি বাস্তবায়ন করতে চায় সরকার।
অর্থমন্ত্রী আরও বলেন, আগের অনির্বাচিত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল। তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ করে শর্তগুলো কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কর্মসূচি বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার।