• হোম > আন্তর্জাতিক | খেলা | জাতীয় > বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১২
  • ৪৪

---

 ইবি আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।আইসিসির পরিচালকদের পক্ষ থেকে জয় শাহর নাম প্রস্তাব করা হয়েছিল। সংস্থাটির মতে, তার নেতৃত্বের প্রতি বোর্ডের দৃঢ় আস্থার প্রতিফলন এই পুনর্নিয়োগ। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক নেতৃত্ব নিশ্চিত করতেও সিদ্ধান্তটি ভূমিকা রাখবে।

বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, সমর্থকগোষ্ঠী সম্প্রসারণ এবং বাণিজ্যিক সাফল্য অর্জনে কাজ করছে আইসিসি। বোর্ডের অব্যাহত আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তিনি বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন তার কাছে সম্মানের পাশাপাশি বড় দায়িত্বের বিষয়।

জয় শাহর মতে, ক্রিকেট এখন রোমাঞ্চকর এক সময়ে প্রবেশ করছে। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন খেলাটির জন্য বড় মাইলফলক। এর মাধ্যমে নতুন দর্শকের কাছে ক্রিকেট পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করা সম্ভব হবে।

আইসিসির এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য প্রত্যেক পরিচালকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

আইসিসির শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ছিলেন জয় শাহ। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই আইসিসির লক্ষ্য সীমাবদ্ধ নয়। খেলোয়াড়, সমর্থক ও বাণিজ্যিক অংশীদারদের সহায়তায় ক্রিকেটের শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়তে চায় সংস্থাটি।

ক্রিকেটের মাধ্যমে মানুষকে একত্রিত করার সক্ষমতার কথাও তুলে ধরেন জয় শাহ। তার ভাষ্য, বড় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাই এখন অগ্রাধিকার। এর মাধ্যমে খেলাটির জন্য দীর্ঘস্থায়ী অবদান রাখতে চান তিনি।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন সুযোগ হিসেবে উল্লেখ করেন জয় শাহ। তিনি বলেন, ‘আমরা আমাদের খেলাধুলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে আমাদের খেলা তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘সফল আয়োজন নিশ্চিত করার বাইরেও আমাদের দায়িত্ব অনেক বিস্তৃত। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের কথা মাথায় রেখে খেলাটির আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’

জয় শাহ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অবদান হয়ে থাকবে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22565 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 01:09:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh