![]()
ইবি রিপোর্ট
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করতে সোমবার কমিশনের ১৪তম সভা শুরু হয়েছে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা সামনে রেখে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর তালিকা পর্যালোচনা এবং ভোটের সময়সূচি নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভায় উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এ জন্য ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনার কাজ চলছে। কমিশনের সভায় তালিকাটি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট আয়োজনের কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল ভোটগ্রহণের ৪০ থেকে ৪৫ দিন আগে ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।
কমিশনের চলমান বৈঠকে নির্বাচনের সময়সূচি ও ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ও আলোচনায় রয়েছে। স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন এবং বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, ব্যক্তিগত তথ্য অনুযায়ী কার্ড প্রস্তুত এবং বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউপি নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর তালিকা চূড়ান্ত করার বিষয়টি কমিশনের সভায় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। একই বৈঠকে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন ও বিতরণ অবকাঠামো নিয়েও আলোচনা করছেন কমিশনের সদস্যরা।