![]()
ইবি রিপোর্ট
চলতি অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৬ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ কর্মসূচির আওতায় ব্যয় হয়েছে ২০ হাজার ১৬০ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ কিছুটা কম হলেও বাস্তবায়নের হার ছিল বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
আইএমইডির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এডিপিতে ব্যয় হয়েছিল ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। চলতি অর্থবছরে একই সময়ে ব্যয় বেড়ে হয়েছে ২০ হাজার ১৬০ কোটি টাকা। তবে দুই অর্থবছরের বরাদ্দের পরিমাণে পার্থক্য থাকায় ব্যয়ের পরিমাণ বাড়লেও বাস্তবায়নের হার কমেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ ৮ হাজার ৯২৯ কোটি টাকা। আগের অর্থবছরে এ কর্মসূচির বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরে উন্নয়ন কর্মসূচির বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রথম চার মাসে বিদেশি ঋণ ও অনুদান থেকে প্রকল্পে ব্যয় হয়েছে ৬ হাজার ৬৯ কোটি টাকা। এই অর্থ বরাদ্দের ৫ দশমিক ৫২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৭ হাজার ৮৮২ কোটি টাকা। তখন বাস্তবায়নের হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। অর্থাৎ বিদেশি অর্থায়নে ব্যয় কমেছে প্রায় ২৩ শতাংশ।
অন্যদিকে, সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় হয়েছে ১৩ হাজার ২০৮ কোটি টাকা। বরাদ্দের বিপরীতে এই ব্যয়ের হার ৬ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে সরকারের অর্থায়নে ব্যয় হয়েছিল ১০ হাজার ৮০৮ কোটি টাকা। তখন বাস্তবায়নের হার ছিল ৭ দশমিক ৫১ শতাংশ।
বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নেও ব্যয় কমেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ উৎস থেকে ব্যয় হয়েছে ৮৮২ কোটি টাকা। বরাদ্দের বিপরীতে এর হার ৯ দশমিক ৮৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৮৮ কোটি টাকা। তখন বাস্তবায়নের হার ছিল ১৩ দশমিক ৬৫ শতাংশ।
শুধু অক্টোবর মাসের হিসাবেও বাস্তবায়নের হার আগের বছরের তুলনায় কম। ওই মাসে এডিপিতে ব্যয় হয়েছে ৮ হাজার ১৪২ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের অক্টোবরে ব্যয় হয়েছিল ৭ হাজার ৭২০ কোটি টাকা। তখন বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ২৩ শতাংশ।
মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক অগ্রগতিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। প্রথম চার মাসে এ দুটি মন্ত্রণালয় কোনো অর্থ ব্যয় করতে পারেনি।
বড় বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যেও কয়েকটির প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রকল্পে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র ২ দশমিক ৮৮ শতাংশ। রেলপথ মন্ত্রণালয়ের ব্যয়ের হার ৩ দশমিক ৩০ শতাংশ। স্বাস্থ্যসেবা বিভাগের ক্ষেত্রে এ হার ৩ দশমিক ৫৮ শতাংশ। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ব্যয় করেছে বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ।
তবে বাস্তবায়নের হিসাবে এগিয়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। ৩৩ হাজার ৭৮ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বিভাগটি ব্যয় করেছে ৬ হাজার ৯২১ কোটি টাকা। বরাদ্দের হিসাবে এই ব্যয়ের হার ২০ দশমিক ৯৮ শতাংশ। প্রথম চার মাসে এডিপির মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ এসেছে স্থানীয় সরকার বিভাগ থেকে।