• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > এসপিএম প্রকল্পে সর্বনিম্ন দরেও বাড়তি ৩১ মিলিয়ন ডলার ব্যয়

এসপিএম প্রকল্পে সর্বনিম্ন দরেও বাড়তি ৩১ মিলিয়ন ডলার ব্যয়

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১১
  • ৩৪

---

ইবি রিপোর্ট 

গভীর সমুদ্রে সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নির্বাচন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পার্তামিনা ট্রান্স কন্টিনেন্টাল প্রস্তাবিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৩১ মিলিয়ন মার্কিন ডলার যোগ করেছে। এতে সরকারের ব্যয় প্রায় ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্পটি ঘিরে প্রায় ৪ হাজার কোটি টাকা লুটপাটের আয়োজনের অভিযোগও উঠেছে।

জানা গেছে, এসপিএম প্রকল্পের কাজ পেতে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানটি ১২৮ মিলিয়ন মার্কিন ডলার দর প্রস্তাব করে। এতে প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। তবে মূল্যায়নের পর্যায়ে তাদের প্রস্তাবের সঙ্গে আরও ৩১ মিলিয়ন ডলার যুক্ত করা হয়। ফলে প্রাথমিকভাবে সর্বনিম্ন দর দেওয়া প্রতিষ্ঠানকে কাজ দিতে গেলে সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।

সিংগেল পয়েন্ট মুরিং হলো গভীর সমুদ্রে স্থাপিত বিশেষ জ্বালানি স্থানান্তরব্যবস্থা। এর মাধ্যমে বড় ট্যাংকার থেকে অপরিশোধিত তেল বা জ্বালানি পাইপলাইনে তীরে কিংবা শোধনাগারে নেওয়া হয়। সমুদ্রে ভাসমান বয়ার মতো কাজ করে এই ব্যবস্থা। সরাসরি তীরের জেটির সঙ্গে যুক্ত না থাকায় এতে সময় ও অর্থ সাশ্রয় হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী কর, ভ্যাট ও অন্যান্য শুল্ক পরিশোধের দায়িত্ব ঠিকাদারের। এসব ব্যয় দরপ্রস্তাবের মধ্যেই অন্তর্ভুক্ত থাকার কথা। কিন্তু পার্তামিনা তাদের মূল প্রস্তাবে এসব খরচ যুক্ত করেনি। নিয়ম অনুযায়ী চুক্তিমূল্য সমন্বয়ের সুযোগও নেই। ফলে পরে অতিরিক্ত অর্থ যুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে চাইছেন, প্রতিষ্ঠানটি যদি ভ্যাট ও করসহ দর জমা দিয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে আবার এসব অর্থ যোগ করা হচ্ছে কেন? আর কর-ভ্যাট বাদ দিয়ে দর জমা দিলে প্রাথমিকভাবে তাদের প্রস্তাব গ্রহণ করা হলো কেন? বিশেষজ্ঞদের মতে, এটি এক ধরনের কৌশল হতে পারে। কারণ সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটি নির্বাচিত হওয়ায় অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বাদ পড়েছে। পরে মূল দরের সঙ্গে কর ও ভ্যাট যুক্ত করার বিষয়টি সামনে এসেছে।

এসপিএম প্রকল্পে ঠিকাদার নিয়োগের পরামর্শক প্রতিষ্ঠান আবুধাবিভিত্তিক আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সও পার্তামিনার দরপ্রস্তাবে অসংগতি থাকার কথা জানিয়েছে। তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে, দরপত্রে উল্লেখযোগ্য অসংগতি থাকলেও প্রতিষ্ঠানটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়নি। কাজটির পুরো বিষয় পার্তামিনা যথাযথভাবে বুঝেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরামর্শক প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পিপিআরবিষয়ক পরামর্শক মো. ফারুক হোসেনের সুপারিশ অনুযায়ী মূল দরের সঙ্গে ভ্যাট ও অন্যান্য কর যুক্ত করা হয়েছে। মূল্যায়নে ফারুক হোসেনের বক্তব্যে উল্লেখ রয়েছে, কিছু ভিত্তিতে তিনি ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানটির প্রস্তাবের সঙ্গে ভ্যাট ও কর যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

ফারুক হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় একই মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সে সময় কয়লাখনি-সংক্রান্ত চুক্তিতে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এমন চুক্তি চূড়ান্ত করার আগে বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

এদিকে সময় ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে। ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বিপিসির বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক দরপত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অন্তর্বর্তী সরকারের সময়ে আহ্বান করা দরপত্র জমা নেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল বর্তমান মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন।

দরপত্রের স্বচ্ছতা নিয়ে কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছে। তারা বিষয়টির সমাধান চেয়েছে। একই সঙ্গে পিপিআরের শর্ত অনুসরণ করে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পটির দরপত্র বাতিল করে নতুন করে আহ্বানের দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আন্তর্জাতিক দরপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছিল জাতীয় নির্বাচনের পাঁচ দিন পর। একই দিন ছিল মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এমন সময়ে দরপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

প্রকল্পটির দরপত্র কিনেছিল মোট ১১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত মাত্র তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। নির্বাচনের সময় বিবেচনায় নিয়ে কয়েকটি প্রতিষ্ঠান ভোটের পর অন্য কোনো দিন দরপত্র জমার সময় নির্ধারণের অনুরোধ করেছিল। অধিকাংশ প্রতিষ্ঠান সময় বাড়ানোর আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।

দরপত্রের প্রাক্‌-নির্বাচনী বৈঠকে নেদারল্যান্ডসের স্মিত ল্যামনালকো এবং মিশরের মেরিডাইভ অংশ নিয়েছিল। তবে প্রতিষ্ঠান দুটি চূড়ান্ত দরপত্রে অংশ নেয়নি। বিশ্বজুড়ে ২২টির বেশি টার্মিনাল পরিচালনা করে স্মিত ল্যামনালকো। প্রতিষ্ঠানটি দরপত্র জমার সময় বাড়ানোর আবেদন করলেও তা রাখা হয়নি।

অন্যদিকে সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে মেরিডাইভের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। তাদের আবেদনও গ্রহণ করা হয়নি। মেরিডাইভ কাতার এলএনজি ও আরামকোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্পে কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, শেষ পর্যন্ত দরপত্র জমা দেওয়া তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দক্ষতা ও দুর্নীতিসংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পার্তামিনা নিজ দেশে ১২ বিলিয়ন মার্কিন ডলারের কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। দরপত্রে কারচুপি ও নিম্নমানের জ্বালানি সরবরাহের ঘটনায় প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার কারাদণ্ড হয়েছে বলেও জানা গেছে।

এ ছাড়া সিপিসি এর আগে বিনা দরপত্রে মূল এসপিএম প্রকল্পের কাজ পেয়েছিল। মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বিলিয়ন ডলারের পাইপলাইন প্রকল্পও বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিপিপি ইপিসি-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হলেও এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেনি। অথচ এই অভিজ্ঞতা প্রকল্পটির অন্যতম যোগ্যতার শর্ত।

চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোএসএর সঙ্গে অস্বচ্ছ ও বিতর্কিত অর্থায়ন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22540 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:48:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh