![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার অপেক্ষায় থাকবে না ইরান, আগেই জবাব দেবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তাঁর অভিযোগ, ওয়াশিংটন নতুন সামরিক অভিযানের প্রস্তুতিতে কূটনীতিকে ব্যবহার করতে পারে। সোমবার (১৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ফার্স সংবাদ সংস্থায় প্রচারিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেন গারিবাবাদি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরান কূটনীতি, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে।
গারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ আরোপ করবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।’ তাঁর দাবি, মার্কিন বাহিনী এখনো আকাশ বা স্থল অবরোধে সাফল্য পায়নি। একইসঙ্গে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘নতুন পাল্লার’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
তাঁর মতে, ওয়াশিংটন নতুন হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনার সঙ্গে একমত নন তিনি। গারিবাবাদি বলেন, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, আইনি দৃষ্টিকোণ থেকে আমরা এখনো যুদ্ধাবস্থায় আছি এবং যুদ্ধ-নয়-শান্তিও-নয় এমন পরিস্থিতিতে নেই।’
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়েও কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। দেশটির শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আইএইএকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) এমন অবস্থানের কথা জানিয়েছেন গারিবাবাদি।
সংঘাত চলাকালে ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই সংস্থা। পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরুদ্ধারের দাবির পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া জানান।
গারিবাবাদি বলেন, ‘ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য সংস্থাটির অনুরোধ সম্ভবত আমেরিকান অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের একটি প্রচেষ্টা।’ আইএইএতে ইরানের সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘প্রথম এবং প্রধানত, যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে যে ইরানের সব শর্ত মানা হবে।’
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া পৃথক সাক্ষাৎকারেও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, ওয়াশিংটন বারবার কূটনৈতিক আলোচনায় তেহরানের আস্থা নষ্ট করেছে।
গারিবাবাদি বলেন, ‘গত দেড় বছরে যুক্তরাষ্ট্র অন্তত তিনবার তার অসৎ উদ্দেশ্য দেখিয়েছে। এটি প্রমাণ করে, কূটনীতির টেবিলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।’
নিজের বক্তব্যের পক্ষে তিনি কয়েকটি ঘটনার উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে আলোচনা চলাকালে সংঘটিত ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের যুদ্ধ। পাশাপাশি দুই সপ্তাহেরও কম সময় স্থায়ী ১৪ দফা সমঝোতা স্মারকের কথাও তুলে ধরেন তিনি।