• হোম > জাতীয় | দেশজুড়ে | বানিজ্য > অনলাইন ব্যবসায় ক্ষমতায়নের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ

অনলাইন ব্যবসায় ক্ষমতায়নের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২১:৪৯
  • ১৫

---

ইবি রিপোর্ট

ঘরে বসেই পণ্য তৈরি, বিক্রি এবং ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ বাড়ছে। প্রচলিত ব্যবসার সীমাবদ্ধতা পেরিয়ে ডিজিটাল বাণিজ্য তৈরি করছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। বিশেষ করে নারী, তরুণ এবং প্রান্তিক জনগোষ্ঠী এ খাতের সুবিধা পাচ্ছেন। স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে বৃহত্তর বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে পরিণত করতে প্রয়োজন কার্যকর সহায়তা।

সহজ শর্তে ঋণ, প্রযুক্তিতে সমান প্রবেশাধিকার এবং দক্ষতা উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিরাপদ অনলাইন পরিবেশ ও কার্যকর সরকারি সহায়তার প্রয়োজন রয়েছে। এসব সুবিধা নিশ্চিত হলে ডিজিটাল বাণিজ্যের পরিসর আরও বিস্তৃত হতে পারে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘নারীদের শুধু প্রশিক্ষণ বা সনদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ, ব্যবসা শুরুর প্রাথমিক মূলধন (সিড মানি) এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’

নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার কথাও বলেন তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম করে মূলধারায় অন্তর্ভুক্ত করাও সরকারের পরিকল্পনার অংশ।

তিনি বলেন, ‘নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম করে সমাজের মূলধারায় নিয়ে আসা সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সামাজিক সুরক্ষার আওতায় নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও সরকার কাজ করছে। ফলে ডিজিটাল বাণিজ্যের মতো নতুন অর্থনৈতিক ক্ষেত্রকে কাজে লাগিয়ে তাদের স্বাবলম্বী করার সুযোগ রয়েছে।’

ডিজিটাল পরিসরে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও অনলাইন ব্যবসার প্রসারে প্রয়োজনীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে নারীদের হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য ছড়িয়ে নারীদেরও হয়রানি ও হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এ ধরনের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন।’

ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে অপতথ্য প্রতিরোধে তরুণদের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ‘তথ্যপ্রবাহের এ যুগে সত্য ও মিথ্যা আলাদা করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলায় তরুণদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্বপূর্ণ। কারণ অনলাইন ব্যবসার প্রসারে শুধু ইন্টারনেট ও প্রযুক্তি সুবিধা বাড়ালেই হবে না, উদ্যোক্তা ও ক্রেতা উভয়ের জন্য নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং হয়রানিমুক্ত ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে হবে।’

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর)-এর চেয়ারম্যান এবং ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, ই-কমার্স এখন বহুমুখী অর্থনৈতিক সুযোগ তৈরি করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের ই-কমার্স এখন পণ্য কেনাবেচার বিকল্প মাধ্যম হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশেষ করে নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রচলিত ব্যবসার বাধা অতিক্রমের সুযোগ তৈরি করছে ডিজিটাল প্ল্যাটফর্ম।’

তার বিশ্লেষণে বাংলাদেশে ই-কমার্স বাজারের আকার নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে পার্থক্য রয়েছে। তবে খাতটির প্রবৃদ্ধির ধারা নিয়ে কোনো সংশয় নেই।

বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশে কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩৬০ কোটি টাকা। এর বাইরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট ও ক্যাশ অন ডেলিভারির লেনদেনও রয়েছে। ফলে সামগ্রিক ডিজিটাল বাণিজ্যের পরিসর আরও বড়।

প্রচলিত ব্যবসায় পুঁজি, দোকানভাড়া ও জামানতের কারণে অনেকেই ব্যবসা শুরু করতে পারেন না। সামাজিক বাস্তবতাও নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বাধা তৈরি করে। তবে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সেই পরিস্থিতি পরিবর্তনের সুযোগ তৈরি করেছে।

এখন ঘরে বসেই পণ্য তৈরি, বিপণন এবং অর্ডার গ্রহণ করছেন অনেক উদ্যোক্তা। এরপর গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা সম্ভব হচ্ছে। পোশাক, খাবার, হস্তশিল্প, ফ্যাশন ও স্থানীয় পণ্যের ব্যবসায় নারীদের অংশগ্রহণ বাড়ছে।

সাকিফ শামীম বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি তখনই টেকসই হয়, যখন সেই অগ্রগতির সুযোগ সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছায়। কিন্তু প্রচলিত ব্যবসায়িক ব্যবস্থায় পুঁজি, অবকাঠামো, ভৌগোলিক অবস্থান এবং সামাজিক বাস্তবতার কারণে অনেক মানুষ উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা শুরু ও সম্প্রসারণের পথ এখনো নানা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। ডিজিটাল বাণিজ্য এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার একটি নতুন সুযোগ তৈরি করেছে। এখন একজন উদ্যোক্তাকে ব্যবসা পরিচালনার জন্য বড় দোকান, ব্যয়বহুল বাণিজ্যিক অবকাঠামো কিংবা বিপুল প্রাথমিক মূলধনের ওপর নির্ভর করতে হয় না। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সীমিত পুঁজি, নিজস্ব দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে বৃহত্তর বাজারে প্রবেশ করা সম্ভব।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22506 ,   Print Date & Time: Sunday, 15 November 2026, 04:11:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh