![]()
ইবি রিপোর্ট
ঘরে বসে ব্যবসা পরিচালনা, অনলাইনে পণ্য বিক্রি এবং দেশ-বিদেশের ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করছে ডিজিটাল বাণিজ্য। প্রচলিত ব্যবসার নানা সীমাবদ্ধতা পেরিয়ে এ খাত নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের নতুন ক্ষেত্র হিসেবে সামনে এসেছে। স্বল্প পুঁজিতে উদ্যোগ শুরু থেকে কর্মসংস্থান সৃষ্টি—বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে সহজ শর্তে ঋণ, প্রযুক্তির সমান সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা।
সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের শুধু প্রশিক্ষণ বা সনদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বাজারের চাহিদা অনুযায়ী সময়োপযোগী প্রশিক্ষণ, ব্যবসা শুরুর প্রাথমিক মূলধন বা সিড মানি এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম করে সমাজের মূলধারায় নিয়ে আসা সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও কাজ করছে সরকার। ডিজিটাল বাণিজ্যের মতো নতুন অর্থনৈতিক ক্ষেত্র ব্যবহার করে তাদের স্বাবলম্বী করার সুযোগ রয়েছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে নারীদের হয়রানি ও হেয় করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন।
ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অপতথ্য প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, তথ্যপ্রবাহের এই সময়ে সত্য ও মিথ্যা আলাদা করা কঠিন হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলায় তরুণদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ডিজিটাল বাণিজ্যের প্রসারেও উদ্যোক্তা ও ক্রেতা উভয়ের জন্য নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের (সিএসইআর) চেয়ারম্যান ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, বাংলাদেশের ই-কমার্স এখন শুধু পণ্য কেনাবেচার বিকল্প মাধ্যম নয়; এটি কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্র হিসেবেও ভূমিকা রাখছে। নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রচলিত ব্যবসার বাধা অতিক্রমের সুযোগ তৈরি করছে ডিজিটাল প্ল্যাটফর্ম।
সাকিফ শামীমের বিশ্লেষণ অনুযায়ী, দেশের ই-কমার্স বাজারের আকার নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে পার্থক্য থাকলেও এ খাতের প্রবৃদ্ধির প্রবণতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশে কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩৬০ কোটি টাকা। এর বাইরে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে লেনদেন হয়। ফলে সামগ্রিক ডিজিটাল বাণিজ্যের পরিসর আরও বিস্তৃত।
প্রচলিত ব্যবসায় পুঁজি, দোকানভাড়া, জামানত ও সামাজিক বাস্তবতার কারণে অনেক নারী উদ্যোক্তা হওয়ার সুযোগ পান না। তবে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই পণ্য তৈরি, বিপণন, অর্ডার গ্রহণ এবং গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পোশাক, খাবার, হস্তশিল্প, ফ্যাশন ও স্থানীয় পণ্যের ব্যবসায় নারীদের অংশগ্রহণও বাড়ছে।
সাকিফ শামীম বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি টেকসই করতে হলে এর সুযোগ সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে। কিন্তু প্রচলিত ব্যবসায়িক ব্যবস্থায় পুঁজি, অবকাঠামো, ভৌগোলিক অবস্থান ও সামাজিক বাস্তবতার কারণে অনেকেই উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
তিনি আরও বলেন, নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা শুরু এবং সম্প্রসারণে এখনো নানা বাধা রয়েছে। ডিজিটাল বাণিজ্য এসব সীমাবদ্ধতা অতিক্রমের সুযোগ তৈরি করেছে। এখন ব্যবসা পরিচালনার জন্য বড় দোকান, ব্যয়বহুল বাণিজ্যিক অবকাঠামো কিংবা বিপুল প্রাথমিক মূলধনের ওপর নির্ভর করতে হয় না। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সীমিত পুঁজি, নিজস্ব দক্ষতা ও উদ্যোগ কাজে লাগিয়ে বৃহত্তর বাজারে প্রবেশ করা সম্ভব।