![]()
ইবি রিপোর্ট
পবিত্র রমজান মাসে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক ও করভার কমানোর প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। এর আগে এ পণ্যের আমদানি শুল্কের হার ছিল ২৫ শতাংশ। ফলে খেজুর আমদানিতে শুল্কের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
এ ছাড়া মাল্টা ও আপেল আমদানিতে কমানো করভার আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ দিতে হবে।
রমজান মাসে এসব ফলের চাহিদা বিবেচনায় নিয়ে আমদানি ব্যয় কমানোর উদ্দেশ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখাই শুল্ক ও করভার কমানোর মূল লক্ষ্য।