![]()
ইবি রিপোর্ট
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের ফল রপ্তানি হয়েছে। দেশের ফল রপ্তানির পরিমাণ ও বাজার সম্প্রসারণে সরকারের নেওয়া উদ্যোগের তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ জানতে চান, বাংলাদেশ থেকে বর্তমানে কী কী ধরনের ফল রপ্তানি করা হয় এবং কোন কোন দেশে এসব পণ্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ফল রপ্তানি বাড়াতে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফল রপ্তানি হচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।
ফল রপ্তানির বাজার আরও বিস্তৃত করতে নেওয়া পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, লিচু ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচি এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গত ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা, নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বহুমুখীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজন করা হয় বলে জানান বাণিজ্যমন্ত্রী।