• হোম > জাতীয় | দেশজুড়ে | বাণিজ্য > দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য দুটি ব্রেইল বই প্রকাশ করল মেটলাইফ

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য দুটি ব্রেইল বই প্রকাশ করল মেটলাইফ

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৬
  • ৯

---

ইবি রিপোর্ট

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বই পড়া ও সাহিত্যচর্চার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে মেটলাইফ। এ লক্ষ্যে দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে মেটলাইফ ফাউন্ডেশন ও ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। প্রকাশিত বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ ও ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। দেশের বিভিন্ন বিদ্যালয়, গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে বইগুলো বিতরণ করা হবে।

মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের উপযোগী বইয়ের সহজপ্রাপ্যতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর ফলে শিশুরা নিজেরাই বই পড়া ও শেখার সুযোগ পাবে। পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ রচনাগুলোর সঙ্গেও তাদের পরিচয় ঘটবে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের পাঠ্যসামগ্রী সহজলভ্য করতেও প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগ রয়েছে। এ লক্ষ্যে সংস্থাটি একটি ব্রেইল ছাপাখানা পরিচালনা করছে।

শুধু বই প্রকাশেই সীমাবদ্ধ থাকছে না দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্ব। মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ যৌথভাবে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা দিচ্ছে। এই কর্মসূচির আওতায় দৃষ্টিপ্রতিবন্ধী তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহযোগিতা করা হচ্ছে। এর লক্ষ্য ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান উদ্যোগটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করছি।’

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদও এ উদ্যোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিসিএফের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই উদ্যোগ শিশু ও তরুণদের সহায়তা করবে।

তাঁর মতে, এই কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা বই পড়ার সুযোগ পাবেন। পাশাপাশি তাঁরা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগও পাবেন। এসব উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে সহায়তা করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22477 ,   Print Date & Time: Sunday, 15 November 2026, 01:07:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh