• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার

আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৮:২৪
  • ২১

---

 ইবি রিপোর্ট

আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমবার সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। অর্থায়নের উৎস বহুমুখী করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন। রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। সেখানে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে সম্মেলনটি হচ্ছে।

তানভীর শাহরিয়ার গনি বলেন, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই।’ নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এই বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে প্রস্তাবিত বন্ডের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

সম্মেলনে অর্থমন্ত্রীও বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, শুধু স্থানীয় বাজারে বন্ড ছাড়লে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানো কঠিন হবে। বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি মুদ্রার প্রয়োজন হলে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হবে। তাই অর্থায়নের বিকল্প উৎস অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উৎসের ঋণের ওপর নির্ভরতা কমাতে হবে। একই সঙ্গে বিকল্প অর্থায়নের সুযোগগুলো কাজে লাগানোর ওপর জোর দেন তিনি। দেশি-বিদেশি পুঁজি সংগ্রহে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও সম্মেলনে তুলে ধরেন অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি।’ পাশাপাশি ভবিষ্যতে কয়েকটি দেশের বাজারে নতুন বন্ড ছাড়ার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড ছাড়ার উদ্যোগ রয়েছে। চীনের বাজারে পান্ডা বন্ড ছাড়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ বাজারে সুকুক বন্ড ছাড়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

সরকারের এসব উদ্যোগের লক্ষ্য দেশি-বিদেশি পুঁজি সংগ্রহের ক্ষেত্র সম্প্রসারণ করা। একই সঙ্গে প্রচলিত ঋণনির্ভর অর্থায়নের বাইরে বিকল্প পথ তৈরির পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার উদ্যোগ সেই পরিকল্পনার অংশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22472 ,   Print Date & Time: Sunday, 15 November 2026, 12:55:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh