![]()
ড. মো. আশফাকুল ইসলাম বাবুল
বাংলাদেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে আমাদের উন্নয়ন যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ লক্ষ্য অর্জনের সম্ভাবনা ও বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় একটি প্রশ্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ— এ জন্য কী ধরনের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন হবে?
দেশের অর্থনৈতিক অভিযাত্রা পর্যালোচনায় দেখা যায়, ১৯৭১ সালে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন থেকে শুরু করে কৃষি উৎপাদন বৃদ্ধি, বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষম তৈরি পোশাকশিল্প গড়ে তোলা, এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এভাবেই স্বাধীনতার সময়কার অর্থনীতির তুলনায় আজ দেশের অর্থনীতি বহুগুণ বড়। এই অগ্রযাত্রা নিসন্দেহে আমাদের জনগণের শ্রম, উদ্যোগ ও অভিযোজন ক্ষমতারই প্রতিফলন।
তবে এ অগ্রগতির পাশাপাশি কিছু কাঠামোগত দুর্বলতাও রয়ে গেছে। যার মধ্যে প্রাতিষ্ঠানিক জবাবদিহির ঘাটতি, ব্যাংকিং খাতের সংকট, সীমিত রাজস্ব আহরণ, সরকারি ব্যয়ের অদক্ষতা, জ্বালানি খাতের ঝুঁকি, রপ্তানিতে সীমিত পণ্যের উপর নির্ভরতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে অসামঞ্জস্যতা উল্লেখযোগ্য—এসব দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি সক্ষমতাকে ব্যাহত করছে। তাই বর্তমান অর্থনীতির আকার শুধু বাড়ানো নয়, বরং এর গুণগত রূপান্তর নিশ্চিত করাই পরবর্তী উন্নয়ন যাত্রার প্রধান চ্যালেঞ্জ হবে।
প্রবৃদ্ধির সঙ্গে প্রাতিষ্ঠানিক সংস্কার
বিগত কয়েক দশকের অভিজ্ঞতা দেখায়, কিছু প্রশাসনিক ও কাঠামোগত দুর্বলতা বারবার ফিরে এসেছে। সরকারি নীতির ঘন ঘন পরিবর্তন, স্বল্পমেয়াদের জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং জনবল নিয়োগ, ক্রয় ও আর্থিক সিদ্ধান্তে অনাকাঙ্ক্ষিত প্রভাব প্রভৃতি প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও জবাবদিহিকে দুর্বল করেছে। বিশ্বব্যাংক ও আইএমএফ উদ্ধৃত এক প্রতিবেদন মতে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের ২৩% প্রতিষ্ঠান অন্তত একবার ঘুষের অনুরোধের সম্মুখীন হয়েছে এবং আমদানি লাইসেন্স পেতে ৭২% প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক অর্থ প্রদানের পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, তা স্বচ্ছ নিয়ম ও ন্যায্য প্রতিযোগিতার ভিত্তিতে পরিচালিত হওয়া জরুরি। রাজনৈতিক বা বাণিজ্যিক প্রভাবের কারণে বিশেষ সুবিধা দেওয়া কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষতির বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া শুধু বাজার ব্যবস্থার স্বাভাবিক প্রতিযোগিতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বিনিয়োগকারীদের আস্থাকেও নষ্ট করে ফেলে। বিগত বছরগুলোতে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
এ অবস্থার পরিবর্তনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান– যেমন দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা, পেশাগত দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমে রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট মহলের অযাচিত প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, কর প্রশাসনে দক্ষতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ব্যাংকিং খাতে নিয়মিত ও কার্যকর তদারকি আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ভিত্তি তৈরি করতে পারে। একই সঙ্গে কর অব্যাহতি ও প্রণোদনার যৌক্তিকতা ও কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা, কর ফাঁকি রোধ এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সরকারি সম্পদের ব্যবহারেও দক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে।
অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাংকিং খাতের সংকট মোকাবিলা করা বিশেষ জরুরি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৬.৪৪ লাখ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৭৩% এবং ২০২৬ সালের জুনে খেলাপি ঋণের পরিমান দাঁড়ায় ৬.০৭ লাখ কোটি টাকায় যা মোট আয়ের ৩২.৭৮%। এখানে লক্ষণীয় যে, ২০২৫ সালে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার একটি কারণ ছিল আগে যথাযথভাবে শ্রেণিবদ্ধ না করা বা পুনঃতফসিলের মাধ্যমে আড়াল থাকা অনেক সমস্যাগ্রস্ত ঋণ নতুন শ্রেণিবিন্যাস নীতিমালার আওতায় প্রকাশ্যে আসে।
আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে একদিকে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ, ঋণ প্রদানে অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে, অন্যদিকে দুর্বল ব্যাংকের স্বচ্ছ ও কার্যকর পুনর্গঠন এবং নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঋণ বিতরণে সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সরকারি প্রকল্পের ক্ষেত্রেও শুধু বরাদ্দ ও ব্যয়ের পরিমাণ নয়, প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক সুফল, ব্যয় বৃদ্ধির কারণ, বাস্তবায়নের সক্ষমতা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছ মূল্যায়ন, প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া এবং বাস্তবায়ন-পরবর্তী ফলাফল পর্যালোচনা নিশ্চিত করা গেলে সরকারি বিনিয়োগের কার্যকারিতা ও জনগণের আস্থা উভয়ই বাড়বে।
উৎপাদনশীলতা ও বহুমুখীকরণ
রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের জন্য অপরিহার্য। কিন্তু আমাদের রপ্তানি একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীল। যেমন, ২০২৪-২৫ অর্থবছরে তথ্য মতে লক্ষনীয় দেশের মোট পণ্য রপ্তানি আয়ের প্রায় ৮১.৫% ই তৈরি পোশাক শিল্প থেকে এসেছে। তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে থাকতে পারে। তবে এ সাথে কৃষিপণ্য, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ওষুধ, প্রযুক্তিপণ্য ও সেবাখাতে নতুন সম্ভাবনা কাজে লাগাতে হবে। এ জন্য নির্ভরযোগ্য জ্বালানি, দক্ষ জনশক্তি, উন্নত লজিস্টিকস, সহজ অর্থায়ন, আন্তর্জাতিক মান অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন। তাছাড়া রপ্তানি প্রণোদনা যেন স্বচ্ছ, সময়সীমাবদ্ধ ও ফলাফলভিত্তিক হয় সে দিকেও লক্ষ্য রাকতে হবে।
দেশের শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষম করে তুলতে প্রযুক্তি আধুনিকায়ন, গবেষণা ও দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে জ্বালানি খাতের চ্যালেঞ্জও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৮১.৫ শতাংশ এসেছে জীবাশ্ম জ্বালানি থেকে, যেখানে নবায়নযোগ্য জ্বালানির অবদান ছিল মাত্র ১.৩ শতাংশ। তাই নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় জ্বালানি উৎসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিগত বছরগুলোতে ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎকেন্দ্র, ক্যাপাসিটি পেমেন্ট, আমদানি-নির্ভর জ্বালানি এবং কিছু বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে জ্বালানি ব্যয়, সরকারি অর্থের ওপর চাপ ও উৎপাদন সক্ষমতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বিদ্যুৎ ক্রয়প্র ক্রিয়ায় স্বচ্ছতা এবং ব্যয় সাশ্রয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তবে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত করা যুক্তিযুক্ত নয়, বরং প্রতিযোগিতামূলক মূল্য, নির্ভরযোগ্যতা, চাহিদার পূর্বাভাস ও দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো স্বচ্ছভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ গ্রিড আধুনিকায়নের পাশাপাশি সিস্টেম লস কমানো এবং শিল্প প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের চাহিদা মিটাতে জ্বালানির জন্য বহিঃনির্ভরতা পুরোপুরি পরিহার না করে বরং বহিঃনির্ভরতা দায়িত্বশীলভাবে পরিচালনার মাধ্যমে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পরিবেশগত মান ও কার্বন নিঃসরণ সংক্রান্ত শর্তাবলি ক্রমেই কঠোর হচ্ছে; তাই রপ্তানিমুখী শিল্পকে এসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগাম প্রস্তুতি নিতে হবে।
মানুষের সক্ষমতা ও সামাজিক বিনিয়োগ
টেকসই প্রবৃদ্ধির জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও আর্থিক অন্তর্ভুক্তিতে বিনিয়োগ বাড়ানো অপরিহার্য। বিশ্বব্যাংকের ২০২৩ সালের উদ্ধৃত তথ্য থেকে জানা যায়, বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯.৩% পরিবারের নিজের থেকে বহন করতে হয়েছে। স্বাস্থ্য সেবার উচ্চ ব্যক্তিগত ব্যয়ভার কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা, কার্যকর রেফারেল ব্যবস্থা, হাসপাতাল ব্যবস্থাপনা, ওষুধ ক্রয়ে স্বচ্ছতা এবং রোগীর নিরাপত্তার উন্নয়ন করতে হবে। তাছাড়া দেশের চিকিৎসা সেবার মান ও বিশেষায়িত সেবার প্রাপ্যতা বাড়াতে পারলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমানো এবং পাশাপাশি স্বাস্থ্য সেবারব্যক্তিগত ব্যয়ভার কমানোও সম্ভব হবে।
শিক্ষাকে শ্রমবাজারের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, উচ্চ শিক্ষা প্রাপ্ত শ্রম শক্তির মধ্যে বেকারত্বের হার ১৩.১১। এর মধ্যে ৩১.৫% বেকার তরুণ যাদের বয়স ১৫-২৯ বছর এবং তারা ছিলেন উচ্চ শিক্ষিত। এ পরিসংখ্যান শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ এবং দক্ষতার অসামঞ্জস্যতা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরে। এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, কর্মক্ষেত্র ভিত্তিক প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ দাতাদের সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিতে উৎপাদনশীলতার পাশাপাশি পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ব্যবস্থা ও বাজার সংযোগ উন্নত করা জরুরি। একই সাথে কৃষককে ক্ষুদ্র উদ্যোগে উৎসাহিত করা, এবং নারী উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকদের জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগও সম্প্রসারণ করতে হবে।
উপসংহার
সংস্কার কার্যকর করতে প্রথমেই অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোর নির্ভরযোগ্য ভিত্তিমাত্রা প্রতিষ্ঠা করতে হবে। এরপর প্রতিটি অগ্রাধিকারের জন্য দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান, সময়সীমা ও পরিমাপযোগ্য সূচক নির্ধারণ করে অগ্রগতি নিয়মিত জনসমক্ষে প্রকাশ করা উচিত। সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এ প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারে।
২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা একটি উচ্চাভিলাষী লক্ষ্য, নিশ্চিত ফল নয়। এর বাস্তবায়ন যোগ্যতা নির্ভর করবে প্রকৃত প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, বিনিয়োগের গুণগত মান, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিময় হারের গতি প্রকৃতির ওপর। তবে লক্ষ্য অর্জনের সময়সীমা যা-ই হোক, এসব সংস্কার একটি প্রতিযোগিতা সক্ষম, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাত-সহনশীল বাংলাদেশ গড়ার জন্য অপরিহার্য।
মনে রাখতে হবে সাফল্যের প্রকৃত মাপকাঠি শুধু জিডিপির আকার বা প্রবৃদ্ধির হার নয়; বরং প্রবৃদ্ধি কতটা উন্নত কর্মসংস্থান সৃষ্টি করছে, সরকারি সেবার মান বাড়াচ্ছে, মানুষের সুযোগ সম্প্রসারণ করছে এবং জীবনযাত্রার মান উন্নত করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন মানুষের জীবনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনবে, তখনই এক ট্রিলিয়ন ডলারের উচ্চাকাঙ্ক্ষা টেকসই জাতীয় অগ্রগতির ভিত্তিতে পরিণত হবে।