![]()
ইবি রিপোর্ট
প্রযুক্তিনির্ভর চাকরির বাজারে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের আইটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির ৭৫তম রাউন্ডের স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত হয়ে প্রশিক্ষণ সম্পন্নকারীরা চাকরি পাওয়ার সুযোগও পাবেন। এ জন্য আগ্রহীদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
আইএসডিবি-বিআইএসইডব্লিউর এই উদ্যোগে তথ্যপ্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিতে পারবেন নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। বর্তমান চাকরির বাজারের চাহিদা এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়োপযোগী কোর্স পরিচালনা করে থাকে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে ও বিদেশে কর্মরত রয়েছেন। প্রায় ১৯ বছর ধরে পরিচালিত এই প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি পেশাজীবী তৈরি করা হয়েছে। বর্তমানে তারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে আইএসডিবি-বিআইএসইডব্লিউ প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও প্রকল্প পরিচালনা করে।
এবারের কর্মসূচিতে মোট ১৩টি কোর্সে স্কলারশিপ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। কোর্সগুলোর সমমূল্য প্রায় দুই লাখ টাকা। সফলভাবে প্রশিক্ষণ শেষ করে উত্তীর্ণ হলে প্রতিষ্ঠানের প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির সুযোগ পাওয়ার ব্যবস্থা রয়েছে।
স্নাতক ও সমমানের প্রার্থীদের কোর্স
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার।
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস।
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট।
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড।
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট।
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস।
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট।
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স।
৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন।
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডের কোর্সে অংশ নেওয়া প্রার্থীদের নতুন করে আবেদনের সুযোগ নেই। চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সব কোর্স ঢাকায় পরিচালিত হবে।
আগ্রহী প্রার্থীদের আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত ওয়েবসাইট https://apply.isdb-bisew.info/ থেকে অনলাইনে আবেদন করতে হবে। ৭৫তম রাউন্ডে আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।