• হোম > খাগড়াছড়ি | দেশজুড়ে > ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, সীমান্তের নদীতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ

ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, সীমান্তের নদীতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৭:১৮
  • ২৭

---

ইবি রিপোর্ট

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার মৃত্যু দুর্ঘটনাজনিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীরকুল এলাকার বরই বাগান এবং ভারতের সাব্রুমের ঢোলবাড়ি অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি থেকে অব্যাহতি নেন। তিনি ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফেনী নদীর ২২১৪/১৮ এস সীমান্ত পিলারসংলগ্ন ভারতের ঢোলবাড়ি অংশে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সহযোগিতা নিয়ে পরিবারের সদস্যরা আবারও অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ঢোলবাড়ি সীমান্তে ফেনী নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার ডুবন্ত মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের ছেলে থংগো মারমা জানান, আগের রাত থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন ও বিজিবির সহায়তায় রাত এবং সকালে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে ভারতের ঢোলবাড়ি অংশে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে বাবার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল।

থংগো মারমা বলেন, বিএসএফ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তা তারা নিশ্চিত নন। তবে কীভাবে তার বাবার মৃত্যু হয়েছে, সে বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর স্থানটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে।

ওসি আরও জানান, নিহতের ছেলে এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সাবেক এই বিডিআর সদস্যের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে সীমান্তবর্তী এলাকায় রহস্য ও উদ্বেগ দেখা দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22443 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 03:35:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh