![]()
ইবি রিপোর্ট
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালুর ফলে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে। ৩৬০ কিলোওয়াট ক্ষমতার এ প্রকল্পের মাধ্যমে কার্যালয়টির প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, কিশোরগঞ্জের বাস্তবায়নে চালু হওয়া এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা সরকারি কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় কমাতে সহায়তা করছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে এবং প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ৩ হাজার ৬০০ বর্গফুট আয়তনের ছাদে আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর উৎপাদনক্ষমতা ৩৬০ কিলোওয়াট। জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা।
প্রকল্পটি বাস্তবায়নের মূল লক্ষ্য ছিল প্রচলিত বিদ্যুতের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো। সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ার পর কার্যালয়টির বিদ্যুৎ ব্যয় কমতে শুরু করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন ব্যবস্থা চালুর ফলে বর্তমানে কার্যালয়ের বিদ্যুৎ খরচ আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে।
বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি প্রকল্পটি সরকারি অর্থের সাশ্রয়েও ভূমিকা রাখছে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় সহায়ক হচ্ছে এ উদ্যোগ। জেলা প্রশাসনের প্রত্যাশা, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসার ঘটবে।