![]()
ইবি রিপোর্ট
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তালিকায় তারেক রহমানকে বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তালিকায় তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পারিবারিক পরিচয় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়ও তুলে ধরা হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময় দেশের বাইরে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ জয় এনে দেন।
নির্বাচনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এবং বিএনপি নতুন সরকার গঠন করে।
এদিকে ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষস্থান পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তালিকায় তাঁদের পাশাপাশি সৌদি আরবের বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামও রয়েছে।
এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও স্থান পেয়েছেন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায়। শীর্ষস্থানীয়দের মধ্যে আরও রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
অন্যদিকে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির নাম জীবিত প্রভাবশালীদের তালিকায় রাখা হয়নি। তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের পরিচিতি তুলে ধরে জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পর্যায়ে তালিকাটির আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকেও যুক্ত করেছে।