• হোম > দেশজুড়ে | রংপুর > রংপুরে বিয়ের সাজে চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে ও কথিত স্বজন

রংপুরে বিয়ের সাজে চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে ও কথিত স্বজন

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৬
  • ২০

---

ইবি রিপোর্ট

বিয়ের আয়োজন সম্পন্ন, বরযাত্রী নিয়ে দূর জেলা থেকে হাজির বরপক্ষ, কমিউনিটি সেন্টারেও প্রস্তুতি শেষ। কনেকে দেওয়া হয়েছিল চার ভরি স্বর্ণালংকার, চলছিল বিয়ের সাজসজ্জা। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই উধাও হয়ে যান কনে ও তাঁর কথিত স্বজনেরা। শেষ পর্যন্ত বিয়ে না করেই হবিগঞ্জে ফিরে যাওয়ার পরিস্থিতিতে পড়েছেন বরসহ ৪২ জনের বরযাত্রী।

গত বুধবার বিকেলে রংপুর নগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার এজাহার ও বরপক্ষের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনেইপ্রবাসী। বিয়ের উদ্দেশ্যে পাঁচ মাস আগে তিনি দেশে আসেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবার বিদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

এজাহার অনুযায়ী, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। তিনি স্বামী ও শ্বশুরের সঙ্গে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। ওই ফ্ল্যাটে একই সময়ে বসবাস করতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তাঁর স্বামী সুভাষ আহমেদ। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি কুড়িগ্রামে বলে জানিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তাঁরা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার মুঠোফোনে যোগাযোগ চালু ছিল।

তামান্না জানান, বড় ভাইয়ের বিয়ের প্রসঙ্গ উঠলে সুমি তাঁর কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। ভিডিও কলের মাধ্যমে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁকে পছন্দ হওয়ার পর বুধবার বিয়ের দিন ঠিক করা হয়। কনেপক্ষ রংপুর নগরের কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুযায়ী, বুধবার সকালে বাসে করে বরসহ ৪২ জন নারী-পুরুষ হবিগঞ্জ থেকে রংপুরে পৌঁছান।

তামান্নার অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। গয়নার মান যাচাই করতে আগ্রহ দেখান কনের বোন পরিচয় দেওয়া তিন নারী। পরে বর, তাঁর দুই বোন, ভগ্নিপতি, বাবা, কনে ও ওই তিন নারী একটি জুয়েলারি দোকানে যান। সেখানে গয়নার মান পরীক্ষা করে ঠিক আছে বলে নিশ্চিত হওয়ার পর কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, পার্লারে ফয়ছল তাঁর দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে বিয়ের বাকি কেনাকাটার জন্য অন্যত্র যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাঁকে একটি রিকশায় তোলা হয়। কনের বোন পরিচয় দেওয়া এক নারীও ওই রিকশায় ওঠেন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন এবং কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী।

এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্য অটোরিকশাটি রংপুর নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বুধবার বিকেল পাঁচটার দিকে সেখানে সবাই নেমে গেলে চালক অটোরিকশাটি নিয়ে চলে যান। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী সেখান থেকে সরে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁদের খোঁজ না পেয়ে দুই বোন ফোনে বিষয়টি বরকে জানান।

তামান্নার অভিযোগ, কনেকে দেওয়া চার ভরি স্বর্ণের মধ্যে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি ছিল। এ ছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়ি এবং বিয়ের জন্য কেনা নতুন কাপড়ও নিয়ে যান তাঁরা। তিনি বলেন, পরিবারের কেউ আগে রংপুরে আসেননি। তাই এলাকার রাস্তাঘাট সম্পর্কেও তাঁদের ধারণা ছিল না। দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্কের কারণে সুমিকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এমন প্রতারণা করবেন, তা ভাবতে পারেননি।

ফয়ছল আহমেদ বলেন, ছোট বোন তামান্না তাঁর বিয়ের সব আয়োজন করেছিল। বোনের ওপর তাঁর ও পরিবারের আস্থা ছিল। একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকার কারণে তামান্নারও সুমি আক্তারের প্রতি বিশ্বাস ছিল। তিনি বলেন, বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হবেন, কখনো ভাবেননি।

কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষ রাকিবুল ইসলাম জানান, মানবিক দিক বিবেচনা করে তাঁদের প্রতিষ্ঠানটি ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়া নির্ধারণ করা হয় ৪২ হাজার টাকা। দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ের কথা ছিল। টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা জানান। পরে ধাপে ধাপে প্রতারণার বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার হয়। বিয়ের আয়োজনের নির্ধারিত ভাড়াও পরিশোধ করেনি কনেপক্ষ। এমনকি শেষ পর্যন্ত খাবারের আয়োজনও হয়নি। কনেপক্ষের কাউকে পাওয়া গেলে আয়োজনের খরচ আদায়ের চেষ্টা করা হবে বলে জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22437 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 03:35:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh