• হোম > জাতীয় | বাংলাদেশ > আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছিল

আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছিল

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৫
  • ১৬

---

ইবি রিপোর্ট

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র বাস্তবতার তুলনায় বেশি তুলে ধরা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছিল। জিডিপির হিসাব নিয়ে পরিচালিত ফরেনসিক অডিটে অর্থনীতির সাতটি খাতে তথ্য-উপাত্তের এমন অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপি হিসাবের ওপর ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ড. তিতুমীর।

তিনি বলেন, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত চিত্র তৈরি করেছিল। জাতীয় প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করার প্রচেষ্টার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। বাংলাদেশের পরিসংখ্যানের মান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

উপদেষ্টা জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। গবেষণার কাজে রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে তিনি কিংবা সরকারের সংশ্লিষ্ট কেউ এতে অংশ নেননি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দুজন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। পরে বিভিন্ন মতাদর্শের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের অংশগ্রহণে সেটি পর্যালোচনা করা হয়। চূড়ান্ত করার আগে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির মতামত নেওয়ার জন্য সেমিনারটির আয়োজন করা হয়েছে।

ফরেনসিক অডিটের ফলাফল তুলে ধরে ড. তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন ধরনের অসংগতি পাওয়া গেছে। শিল্প খাতের ২২টি উপখাত পরীক্ষা করে সাতটিতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে। তবে বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে এমন প্রবণতা দেখা যায়নি। মূলত দ্বিতীয় পর্যায়ের তথ্য এবং প্রশাসনিক উপাত্তের ওপর নির্ভরশীল খাতগুলোতে হিসাব বাড়িয়ে দেখানোর প্রবণতা পাওয়া গেছে।

তিনি উদাহরণ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের কথা উল্লেখ করেন। আইবাস চালুর আগে এসব তথ্যে অসংগতি ছিল। সিমেন্ট উৎপাদনের পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবেও মিল পাওয়া যায়নি। পেট্রোলিয়াম খাতের উৎপাদন একসময় উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেখানোর পর হঠাৎ কমে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। গবেষকেরা বিশ্লেষণের সময় কোভিড-১৯ মহামারির মতো বিশেষ পরিস্থিতির প্রভাবসহ অস্বাভাবিক তথ্য-উপাত্ত বাদ দিয়েছেন।

তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। তাঁর মতে, এই খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন ও মূল্য সংযোজনের হিসাবে কৃত্রিম অসংগতি সহজে শনাক্ত করা সম্ভব। যেসব খাতে স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ সীমিত, সেসব ক্ষেত্রেই পরিকল্পিতভাবে তথ্যের কারসাজি হয়েছে।

রপ্তানি পরিসংখ্যানের অসংগতি প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে পার্থক্য রয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ই রপ্তানির হিসাব তৈরিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সুপারিশের অপেক্ষা না করে ইতোমধ্যে তথ্য সংশোধন এবং নির্ভরযোগ্য উপাত্ত ব্যবহারের কাজ শুরু হয়েছে।

পরিসংখ্যানের স্বচ্ছতা বাড়াতে বিবিএস কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালু করেছে। এতে জিও-কোডিং যুক্ত থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা যাচাই করা যাবে। পাশাপাশি জিডিপির প্রতিটি তথ্যের উৎস ও পদ্ধতি পুনরায় পরীক্ষা, শিল্প খাতের নমুনা নির্বাচন এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎপাদনের প্রকৃত অবস্থা যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচকও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জিডিপির হিসাব করা হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর পাশাপাশি আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে। এ ছাড়া ইনপুট-আউটপুট টেবিল তৈরির জন্য অভিন্ন টেমপ্লেট প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি। দ্বিতীয় প্রান্তিকের মধ্যে প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশের লক্ষ্য রয়েছে। তবে তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির সীমাবদ্ধতার কারণে এখনো তা সম্ভব হচ্ছে না। এ লক্ষ্য অর্জনে জরিপের মান এবং তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নত করা প্রয়োজন বলে জানান তিনি।

গবেষক ও সাধারণ মানুষের জন্য পরিসংখ্যানের তথ্য সহজলভ্য করতে উন্মুক্ত তথ্যনীতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ড. তিতুমীর। এ বিষয়ে একটি খসড়া নীতি তৈরি হয়েছে। তাঁর মতে, জিডিপির হিসাবের নির্ভুলতা নিশ্চিত করতে তথ্যের উৎস ও হিসাব পদ্ধতি সবার জন্য উন্মুক্ত রাখা দরকার। এতে গবেষকেরা তথ্য যাচাইয়ের পাশাপাশি প্রশ্ন উত্থাপন এবং প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ দিতে পারবেন।

নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। আমাদের কাছে জিডিপি শুধু একটি সংখ্যা নয়, রাজনৈতিক হাতিয়ারও নয়। জিডিপির সত্যতা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা সরকারের নয়। এটি জনগণের।’

ফরেনসিক অডিট তৈরিতে গবেষকদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, কোনো সম্মানী ছাড়াই গবেষকেরা দিনরাত পরিশ্রম করে প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করেছেন। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে সরকার তাঁদের পাশে রয়েছে।

সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, জিডিপির হিসাব নির্ভরযোগ্য করতে বিবিএসের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নির্ধারণে আরও নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা নির্বাচন নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। জিডিপির হিসাব তৈরিতে জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির সুপারিশ করেন মাহবুব উল্লাহ।

সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। সেমিনারের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22430 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 03:35:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh