• হোম > জাতীয় | দেশজুড়ে | বিনোদন > সাত বছর পর আট গান নিয়ে ফিরলেন জয় শাহরিয়ার

সাত বছর পর আট গান নিয়ে ফিরলেন জয় শাহরিয়ার

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২৯
  • ১৩

---

ইবি বিনোদন ডেস্ক

 দীর্ঘ সাত বছরের বিরতি শেষে নতুন একক স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও গীতিকার জয় শাহরিয়ার। তাঁর পঞ্চম অ্যালবামটির নাম ‘বোকা’। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে আয়োজনের মধ্য দিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।

আটটি গান নিয়ে সাজানো হয়েছে ‘বোকা’ অ্যালবামটি। এর সব কটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর কথা ও সুরও করেছেন জয় শাহরিয়ার নিজেই।

আধুনিক শ্রোতাদের কথা বিবেচনায় রেখে অ্যালবামের গানগুলো প্রকাশ করা হয়েছে বিশ্বের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এর মধ্যে রয়েছে স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীন। ডিজিটাল মাধ্যমে প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করাতে সিডি, ক্যাসেট ও একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে।

নতুন অ্যালবাম প্রকাশের অনুভূতি জানিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সিডি ও ক্যাসেট প্রকাশের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ এই অ্যালবাম নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার আবারও বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াবে।’

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত হয়েছে ‘বোকা’ অ্যালবামটি। এর সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’। আর টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘এন স্টোরিজ’।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22422 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 04:29:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh