• হোম > দেশজুড়ে | রাজশাহী > শাহমখদুম বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, রাজশাহীতে জোরদার নিরাপত্তা

শাহমখদুম বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, রাজশাহীতে জোরদার নিরাপত্তা

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২০
  • ২০

---

ইবি রিপোর্ট

রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরের বাউন্ডারি দেয়ালসংলগ্ন ফুলবাগান থেকে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও গ্রেনেড দুটি কারা সেখানে রেখেছিল, তা শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তেও তৈরি হয়েছে সীমাবদ্ধতা। এদিকে বিমানবন্দরসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান প্রবেশপথের ডান পাশে ফুলগাছের মধ্যে গ্রেনেডসদৃশ দুটি বস্তু দেখতে পান এক পথচারী। বিষয়টি তিনি আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে ফোন করে জানান। পরে এএসআই পলাশ ঘটনাটি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামকে অবহিত করেন।

খবর পাওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে শাহমখদুম বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ ঘটনায় বিমানবন্দরের ভেতরে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার কয়েক মিনিট আগেই জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তাঁর সফরসঙ্গীরা ঢাকার একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান। পরিস্থিতির কারণে কিছু সময় অপেক্ষার পর বিকল্প পথে তাঁদের নিরাপদে বিমানবন্দর থেকে বাইরে নেওয়া হয়।

পরে ওই দিন বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিল এলাকায় নিয়ে উদ্ধার করা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন। এ সময় ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। তবে গ্রেনেড দুটি কোন ধরনের এবং সেগুলোর প্রকৃত বিধ্বংসী ক্ষমতা কতটা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে ঘটনার দিন রাতে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটির তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা জানান, গত শুক্রবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানবন্দরের দেয়ালঘেঁষা ফুলবাগানটি রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত। আশপাশে কয়েকটি ছোট দোকান থাকলেও সেগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই। বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা তল্লাশি ফটকের ওপর ক্যামেরা স্থাপন করা থাকলেও সেখান থেকে ঘটনাস্থলের স্পষ্ট কোনো ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর গ্রেনেডগুলোর ধরন ও বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। তদন্তে সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে আতঙ্ক ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কেউ গ্রেনেড দুটি ফুলগাছের মধ্যে রেখে যেতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক যোগেশ চন্দ্র সরকার জানান, বিমানবন্দরের বাইরের অংশসহ আশপাশের এলাকার নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন। বিমানবন্দরের বাউন্ডারি দেয়ালসংলগ্ন ফুলবাগানে গ্রেনেড রাখার বিষয়টি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, বিমানবন্দরকে ঘিরে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত শেষ হলে স্পষ্ট হতে পারে। ঘটনার পর বিমানবন্দরের ভেতরে ও বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির শনিবার দুপুরে জানান, উদ্ধার করা গ্রেনেডগুলোর গায়ে কোনো লেখা বা শনাক্তকারী চিহ্ন ছিল না। ফলে সেগুলো কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি। কীভাবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার কাছে এসব বিস্ফোরক রাখা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার আরও জানান, শুধু বিমানবন্দর নয়, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থায় কোনো দুর্বলতা রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করার সক্ষমতা বাড়াতে নগরীর বিভিন্ন প্রবেশপথ এবং জনাকীর্ণ সড়কে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

আরএমপির একাধিক সূত্র জানায়, কয়েক বছর আগে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক, মোড় ও প্রবেশপথে চার শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এসব ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য ছিল উচ্চক্ষমতার সাইবার সেন্টার ও প্রশিক্ষিত জনবল। সেখান থেকে দিনরাত ২৪ ঘণ্টা নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হতো।

তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং জুলাই গণআন্দোলনের সময় আরএমপির অধিকাংশ থানা আক্রান্ত হওয়ার ঘটনায় ওই নিরাপত্তা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সড়ক ও মোড়ে স্থাপিত ক্যামেরাগুলোর কার্যক্রমও ব্যাহত হয়। বর্তমানে পুলিশের উদ্যোগে নতুন করে নগরীজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

বিমানবন্দরের মতো কেপিআইভুক্ত বা গুরুত্বপূর্ণ স্থাপনার সন্নিকটে বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে ঘটনাস্থলটি ব্যস্ত মহাসড়কের পাশে হলেও সেখানে সরাসরি নজরদারির ব্যবস্থা না থাকায় কারা গ্রেনেড দুটি রেখে গেছে, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এখন তদন্তের মূল লক্ষ্য গ্রেনেডগুলোর উৎস, সেগুলো সেখানে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সম্ভাব্য উদ্দেশ্য শনাক্ত করা। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও নগরজুড়ে নজরদারির ঘাটতি দূর করার উদ্যোগও জরুরি হয়ে উঠেছে। তদন্তের ফলাফল এবং নতুন নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নের অগ্রগতিই শেষ পর্যন্ত এ ঘটনায় তৈরি হওয়া উদ্বেগ কতটা দূর করতে পারে, তা নির্ধারণ করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22418 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 04:51:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh