![]()
ড. মোঃ আশফাকুল ইসলাম বাবুল
সিরিজ: ৫ম পর্ব
এখন প্রশ্ন, আইন সম্পর্কে আইনের সেবাভোগীদের অজ্ঞতা রয়েছে কি না? আসলে ‘আইন জানি না’—এ কথা বলা যাবে না; দেশের একজন নাগরিক হিসাবে তার আইন জানতে বাধ্যবাধকতা রয়েছে। আইন সমাজে ন্যায় ও অন্যায়ের দিকনির্দেশনা দেয়, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। আবার আইনের প্রতি সচেতনতার অভাব সমাজে আইন না মানার প্রবণতা বৃদ্ধি করে।
তবে দেশের আপামর জনসাধারণ আইন সম্পর্কে সচেতন থাকবে এবং আইনের আদ্যোপান্ত সম্পর্কে ধারণা রাখবে এমন সুসংস্কৃতি সমাজে এখনও বিরল। যুগে যুগে আইনের পূর্ণরূপ তাই বিচারিক আদালত থেকে আইনজীবী ও আইন প্রয়োগের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। আইনের সেবাভোগী আপামর জনসাধারণ আইনের সুফল-কুফল সম্পর্কে সম্যক ধারণা থেকে বাইরেই রয়ে গেছে। তারপরও কোনো নতুন আইন বাস্তবায়নে শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করা প্রয়োজন। আর আইন সম্পর্কে সেবাভোগী জনসাধারণের অজ্ঞতা রয়েছে কি না—এ প্রশ্নের মাধ্যমে তা যাচাই করা যাবে।
সমাজপতিদের আধিপত্য ও দাম্ভিকতা অনেক ক্ষেত্রে দেশের প্রচলিত আইন অমান্যের কারণ হয়ে দাঁড়ায়, যা প্রায়শই লক্ষ্য করা যায়। সমাজের যারা কর্ণধার, তাদের আইন অমান্য করার সংস্কৃতি একদিনে গড়ে ওঠেনি। সম্রাট, সুলতান, জমিদার এমনকি ইংরেজদের শাসনামল থেকে অব্যাহতভাবে এ সংস্কৃতি চলে আসছে।
সমাজ পরিচালনা বা দেশ শাসনের জন্য রাজা ও তার পরিষদ আইন প্রণয়ন করেন। জনকল্যাণকে সামনে রেখে সমাজের পরিবর্তন ও আধুনিকায়ন করার জন্য সে আইন বাস্তবায়ন করা হয়। সমাজের শ্রেণিবৈষম্য—রাজা ও প্রজা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি সত্য, কিন্তু সমাজের শ্রেণিবিন্যাসকে তো একেবারে অস্বীকার করার মতো পরিবেশ এখনও আসেনি। তাই আইন সবার জন্য সমান বললেও বাস্তবায়নের ক্ষেত্রে তাতে একটু আধটু পার্থক্য রয়েই গেছে।
দেশের ট্রাফিক আইন থেকে শুরু করে কর ও শুল্ক প্রদান, ভূমি ব্যবস্থাপনা, বাড়িঘর নির্মাণ ও ব্যবসার প্রতিষ্ঠান গড়তে যে আইনগুলো দেশে প্রচলিত আছে তা অমান্যের বহু উদাহরণ রয়েছে। শহরের খান্দান (বংশীয়) কোনো পরিবারের ঐতিহ্যবাহী ‘ভক্স ওয়াগন’ গাড়িতে যতই কালো ধোঁয়া নির্গত হোক, তা থামিয়ে কালো ধোঁয়া নির্গমনের অপরাধে জরিমানা করতে একজন ট্রাফিক সার্জেন্টকে হিমশিম খেতে হয়।
আবার সমাজের বিত্তবান শিল্পপতির ট্যানারি প্রতিষ্ঠান থেকে পরিবেশ ধ্বংসকারী রাসায়নিক পদার্থ নির্গমনের মতো অপরাধ সংঘটনের পরও উক্ত শিল্পপতি মালিককে আইনের আওতায় আনা খুবই কষ্টসাধ্য। আইন প্রয়োগেই নয়, নতুন কোনো আইন প্রণয়নেও এ সমাজপতিদের আধিপত্যের প্রভাব রয়েছে।
কোনো এলাকায় নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা, বাজারে কোনো ভোগ্যপণ্য বাজেয়াপ্ত বা পরিবর্তন করা কিংবা কোনো নতুন পণ্য আমদানি করার ক্ষেত্রেও এমন প্রভাব কার্যকর হতে দেখা যায়। তাই আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবিলায় এমন প্রশ্ন বিবেচনা করতে হবে: আইন প্রয়োগে সমাজপতিদের আধিপত্য ও দাম্ভিকতা আছে কি না?
আইন বাস্তবায়নে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে: আইন প্রয়োগের কার্যক্রম সমাজের প্রভাবশালীদের প্রভাবনির্ভর কি না? সমাজে যে কেউ যদি আইন অমান্য করে, তাহলে দেশের সার্বিক শৃঙ্খলা বিনষ্ট হয় এবং তার জন্য এর কুফল সকলকেই ভোগ করতে হয়।
যেমন রাজপথ বা মহাসড়কে প্রয়োজনের চেয়ে বেশি রিকশা বা ব্যাটারিচালিত ইজিবাইক চালনা, শহরের ফুটপাত দখল করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি, রাজপথ ঘিরে বিভিন্ন ধরনের খাবারের দোকান এমনকি পিজা তৈরি ও বিক্রি, মোটর ইঞ্জিনের মাধ্যমে সরিষার তেল ভাঙানো এবং আখের রস বানানো ও বিক্রি প্রভৃতি ব্যক্তি বিশেষের আইন অমান্যেই সাক্ষ্য বহন করে। আর এর কারণে সার্বিক জনজীবনকে কতটুকু স্বস্তিতে রেখেছে তা বলাই বাহুল্য।
আবার এও লক্ষণীয় যে, সুষ্ঠু নগরায়ণের সুফলের তোয়াক্কা না করেই জনবহুল শহর বা লোকালয়ে নিজের জমির পার্শ্ববর্তী সরকারি রাস্তা বা খাস জমির কিছু অংশ দখল করে বসবাসের ঘর বা দোকানপাট নির্মাণ বা সম্প্রসারণ করা কিংবা খাল ও নদীর পাড় ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে দেশের প্রচলিত আইন অমান্যের ঘটনা ঘটছে।
আইন অমান্যের এসব খণ্ড খণ্ড চিত্র একসময় ভয়াবহ দুর্ঘটনায় রূপ নিচ্ছে। কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে সাময়িকভাবে সহায়তা প্রদানের কথা বলা হলেও এসব জনজীবনে দীর্ঘমেয়াদি বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে তাই নয়, বরং জরুরি প্রয়োজন বা প্রাকৃতিক দুর্যোগে মানুষকে অসহায় অবস্থায় ফেলছে।
এ ধরনের কাজকর্মে ক্ষেত্রবিশেষে রাজনৈতিক, ব্যবসায়িক বা স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব উৎসাহ জোগায়; সাধারণ মানুষ দেশের প্রচলিত আইন ভাঙার সুযোগ পায়। সব সময় যে এ ধরনের প্রভাব খারাপ এবং তা অগ্রহণযোগ্য তা নয়, বরং আইনের মধ্যে থেকে আপামর জনসাধারণের কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রশংসার দাবি রাখে।
সমাজ পরিবর্তন বা আধুনিকায়নের লক্ষ্যে জনপ্রতিনিধি তার এলাকাধীন অভাবী বা স্বল্প আয়ের মানুষের প্রয়োজন বিবেচনা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, শিল্পপতি বা বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র বা প্রান্তিক ব্যবসায়ীদের জন্য স্বল্প পুঁজির ব্যবসায় সহযোগিতা করবে এবং স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় সমাজের অসহায় ও নিরীহ মানুষ জীবিকা নির্বাহের পথ খুঁজে পাবে—এটাই স্বাভাবিক এবং সকলের কাঙ্ক্ষিত।
তবে তা ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে করা প্রয়োজন এবং তা জনজীবনে ক্ষতির কারণ না হয়, সে দিকে সতর্ক থাকতে হবে। আসলে সমাজকে যুগের তালে পরিবর্তিত রূপ দেওয়া এবং আধুনিক করে গড়ে তোলার কাজে আইন প্রণয়ন এবং তার সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজন পড়ে। এ আইন প্রণয়ন ও বাস্তবায়নে যুগে যুগে সমাজে জনসাধারণের ওপর প্রভাব রয়েছে এমন ব্যক্তি বা গোষ্ঠীর—রাজনৈতিক, ব্যবসায়িক বা স্থানীয়—প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েই গেছে। তাই যেকোনো একটি আইন বা আইনের অংশ বাস্তবায়নে সমাজের প্রভাবশালীদের মতামত বিবেচনায় নিতে হবে।
আইন, আইন প্রয়োগকারী এবং আইনের সেবাভোগীর প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ; আইন বাস্তবায়নে এদের বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে। উপরে আলোচিত প্রশ্নগুলো বিষয় তিনটির বৈশিষ্ট্যগত অবস্থান নির্দেশ করে। প্রশ্নগুলোকে ধনাত্মক চিন্তাভাবনায় যত বেশি লালন করা যাবে, তত বেশি আইনের বাস্তবায়ন সহজতর হবে।
আইন যেমন হতে হবে যুগোপযোগী ও জনকল্যাণকর, দক্ষতার সঙ্গে সে আইন প্রয়োগেরও সক্ষমতা থাকতে হবে, তেমনি আইনের সেবাভোগীর থাকতে হবে আইনের প্রতি শ্রদ্ধা, আইন মেনে চলার মননশীলতা। তাহলেই আইন বাস্তবায়নের চাকা চলায় বাধা দূর হবে।
এতক্ষণ আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হলো; এগুলোর সমাধানের পথ কী? বর্তমানে দেশে যেসব আইন প্রচলিত আছে সেগুলো বাস্তবায়নে যে সমস্যা তা নিরসনে আইনগুলো, বিশেষ করে সেকেলে আইনের সংশোধন বা পরিবর্তন করার ব্যবস্থা নিতে হবে অথবা আইন বাস্তবায়ন বা প্রয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।
ভবিষ্যতে যেসব আইন প্রণয়নের প্রয়োজন পড়বে, তা প্রণয়নের পূর্বে আলোচিত প্রশ্নগুলোর আলোকে সমাধান খুঁজে নিতে হবে। তাই বলে একটা আইন প্রণয়নের পর সামাজিক প্রেক্ষাপট এবং আইনের প্রতি মানুষের মনোভাব পরীক্ষা ব্যতিরেকে অকস্মাৎ তা বাস্তবায়নে যাওয়া ঠিক নয়।
মনে রাখতে হবে, ইসলামে মদ্যপান হারাম (নিষিদ্ধ); এ গর্হিত কাজটি একবারে নিষিদ্ধ করা হয়নি, বরং ধাপে ধাপে নিষিদ্ধ করা হয়েছিল যাতে (পণ্ডিতদের মতে) অভ্যস্তদের এ বদভ্যাস পরিত্যাগ করা কষ্টকর না হয়।
কিছু ভোগ্যপণ্য রয়েছে, যেমন পলিথিন ব্যাগ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার বাজারে কিছু জীবনরক্ষাকারী ঔষধ পাওয়া যায়, বিদেশে তৈরি বিধায় যার ব্যবহার আইন করে নিষিদ্ধ করার প্রয়োজন পড়েছে। এ ধরনের পণ্যের ব্যবহার নিষিদ্ধের সঙ্গে সঙ্গে বিকল্প পণ্যের ব্যবস্থা করতে হবে।
রাস্তায় জনজীবন অতিষ্ঠ করার মতো দোকানপাট উচ্ছেদ কিংবা যানজট নিরসনে রিকশা বা ইজিবাইকের মতো বাহন বন্ধের আগে এ ধরনের পেশায় নিয়োজিত মানুষের জীবিকা নির্বাহের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তা না হলে আইন বাস্তবায়ন যেমন কষ্টকর হবে, আবার বেকার সমস্যা বাড়িয়ে সমাজে অন্য জটিলতা সৃষ্টি করবে।
সাময়িকভাবে বিচ্ছিন্ন আয়ের খোঁজে শহরমুখী সাধারণ খেটে খাওয়া মানুষকে স্থানীয় পর্যায়ে টেকসই কর্মসংস্থানের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আইন বাস্তবায়ন বা সময়োচিত প্রয়োগে প্রয়োজন শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থার এবং এর কার্যক্রমসমূহের মানোন্নয়নের পর্যায়ক্রমিক ব্যবস্থাও থাকতে হবে। সর্বজনবিদিত আইনসমূহ যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে হবে।
এজন্য সমাজে কাউকে আইন ভঙ্গের কারণে জরিমানা দেওয়া কিংবা হাজতবাস করতে হলেও তা সকলকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে আইন প্রয়োগের পথ রুদ্ধ করা যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে আইন প্রয়োগে হতে হবে জনমুখী, সমাজের পরিবর্তন ও আধুনিকায়নে সহযোগী।
আবার সমাজের কারও প্রভাব-প্রতিপত্তিকে প্রাধান্য দিতে আইনের বাস্তবায়ন যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এছাড়া যারা আইনের সুবিধাভোগী গোষ্ঠী, তাদের আইন সম্পর্কে অজ্ঞতাকে ঊর্ধ্বে রেখে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে প্রেরণা ও প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
সমাপ্ত
লেখক:
এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর স্ট্রাটিজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ
সাবেক অতিরিক্ত সচিব।