• হোম > আন্তর্জাতিক | জাতীয় > ২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:১৪
  • ১৬

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

টানা এক বছরের বেশি সময় ধরে হামের সংক্রমণ চলতে থাকায় হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ বছর পর দেশটির এই মর্যাদা প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত সংক্রামক হামের ভাইরাসের বিস্তার এক বছরের বেশি সময় ধরে বন্ধ করতে না পারায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পিএএইচও।

তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হামের সংক্রমণের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।

একই সময়ে যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমেছে এবং টিকা নেওয়া নিয়ে মানুষের দ্বিধাও বেড়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও দীর্ঘদিন ধরে হামের টিকার নিরাপত্তা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই সন্দেহ ছড়িয়ে আসছেন।

পিএএইচও তাদের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সরবরাহ করা রোগতাত্ত্বিক ও পরীক্ষাগার-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেছে। দেশটিতে একই ধরনের হামের ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে চলছে কি না, তা যাচাই করা হয়।

এই মূল্যায়নের মাধ্যমে বিদেশ থেকে আসা সংক্রমণ এবং দেশের ভেতরে স্থানীয়ভাবে ভাইরাসের বিস্তারের মধ্যে পার্থক্য নির্ধারণ করা হয়।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের পর্যালোচনার পর কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার সদস্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক এরিকা শোয়ার্টজ সিদ্ধান্ত ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারালেও সংস্থাটি আগের মতোই অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ করবে এবং টিকাদানে মানুষকে উৎসাহিত করবে।

চলতি বছরের বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। কয়েক দশকের মধ্যে এটি দেশটিতে হামের অন্যতম বড় প্রাদুর্ভাব।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রিউয়ার বলেন, “এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এত বেশি হামের সংক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

হামবিষয়ক একটি স্বাধীন পরামর্শক প্যানেলের প্রধান ব্রিউয়ার মঙ্গলবার প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কাছে সিডিসির প্রতিবেদন এবং তাঁর দলের মূল্যায়ন তুলে ধরেন।

ওই প্রতিবেদনটি গোপন রাখা হয়েছে। তবে সিডিসির তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস ধরে হামের ভাইরাসের সংক্রমণ চলছে বলে সংস্থাটি নির্ধারণ করেছে।

২০০০ সালে হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্র। কোনো দেশের ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে ভাইরাসের সংক্রমণ বন্ধ করা সম্ভব হয়। এর ফলে হার্ড ইমিউনিটি তৈরি হয়, যা টিকা নিতে অক্ষম ব্যক্তিদেরও সুরক্ষা দেয়।

হামের সংক্রমণ ও ভাইরাসের বিস্তার ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো দুই ডোজ টিকা নেওয়া। এতে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। হাম থেকে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক উইলিয়াম মস বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারানো যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য খাতের সুনামের জন্য বড় ধাক্কা। তাঁর মতে, এ ঘটনা অন্য দেশগুলোকেও নিরুৎসাহিত করতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এর অর্থ হলো, দেশটিতে বড় আকারে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এতে সংক্রমিত হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন মানুষ।

হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে কোনো দেশকে সংক্রমণ বন্ধ করে অন্তত ১২ মাস প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ কোনো সাড়া দেয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22412 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 05:27:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh