• হোম > আন্তর্জাতিক | জাতীয় > ইরানে আপাতত নতুন সামরিক হামলা চায় না যুক্তরাষ্ট্র

ইরানে আপাতত নতুন সামরিক হামলা চায় না যুক্তরাষ্ট্র

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৯
  • ১৪

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মুখে ইরান সরকার এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। তাই আপাতত সামরিক অভিযান ছাড়াই দেশটির ওপর চাপ বজায় রাখা সম্ভব।

ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি করা অর্থনৈতিক চাপ এখন এতটাই তীব্র যে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাকেই তিনি বিজয়ের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন।

রুবিওর বক্তব্যে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের প্রতিফলন দেখা গেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

এদিকে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে বলে স্বীকার করেছেন রুবিও। তিনি জানান, যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির প্রায় প্রতিটি খাতেই এর প্রভাব পড়েছে।

রুবিওর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকির বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। জনসমর্থন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে—এমন একটি যুদ্ধে জড়িত না হয়ে বিষয়টি পরবর্তী প্রশাসনের জন্যও রেখে যেতে পারতেন তিনি। কিন্তু ট্রাম্প সেই পথ বেছে নেননি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ছিল ইরানের পারমাণবিক হুমকিকে অমীমাংসিত অবস্থায় রেখে না যাওয়া। এ কারণে তিনি ঝুঁকি নিয়েছেন।

তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের মূল্য যে সহজ নয়, তা-ও স্বীকার করেছেন রুবিও। তাঁর বক্তব্য, বিষয়টি কঠিন এবং সহজে মোকাবিলা করার মতো নয়। এ ধরনের সিদ্ধান্তের ফলে অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি তৈরি হয়। যুক্তরাষ্ট্র সরকার সেই বাস্তবতা স্বীকার করছে।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের মূল্য দিতে হয়, যার মধ্যে অর্থনৈতিক চাপও রয়েছে। সরকার বিষয়টি সম্পর্কে অবগত এবং তা স্বীকার করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22396 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 06:52:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh