• হোম > জাতীয় | দেশজুড়ে > নাশকতা থামাতে ব্যর্থতা, নাকি গোয়েন্দাদের নিষ্ক্রিয়তা

নাশকতা থামাতে ব্যর্থতা, নাকি গোয়েন্দাদের নিষ্ক্রিয়তা

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৫:২৫
  • ১৩

---

ইবি রিপোর্ট

একটির পর একটি কঠোর নির্দেশনা, তল্লাশিচৌকি স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনার পরও থামানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অপতৎপরতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে নাশকতার খবর আগেই ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সক্ষমতা, তথ্যের ঘাটতি এবং নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা কার্যক্রম, সক্ষমতা ও জনআস্থার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তবে কোনো রাজনৈতিক দলের নাশকতা প্রতিরোধ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে পুলিশের কঠোর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক ঐক্যও দৃশ্যমান হওয়া প্রয়োজন। অন্যদিকে পুলিশ বলছে, গোয়েন্দা তথ্যের ঘাটতি নেই। নতুন পরিকল্পনার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যায়।

গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে টানা নাশকতার কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ প্রেক্ষাপটে দলটির নেতা-কর্মীদের গুপ্ত হামলার ঘটনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করেছে। দুর্বৃত্তরা কোনো কিছু বুঝে ওঠার আগেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে কিংবা বাসে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা জোরদার থাকার মধ্যেও বিভিন্ন থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের ফটকে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপ এবং নিষিদ্ধ ছাত্রলীগের আগাম হুমকির অভিযোগ উঠেছে। শিল্পাঞ্চলেও অস্থিরতা অব্যাহত রয়েছে। সেখানে শ্রমিকদের সঙ্গে মিশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। নাশকতায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও কার্যক্রম নিষিদ্ধ দলটির শীর্ষ নেতারা ভিডিও বার্তায় পরিস্থিতি ঘোলাটে করার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন অপরাধ বিশ্লেষকেরা।

এদিকে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ এবং রাতারগুলের ‘স্কয়ার রিসোর্টে’ গোপন বৈঠকের ঘটনা দেশের নিরাপত্তা ও নজরদারিব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

পুলিশ জানিয়েছে, রঞ্জিত সরকার কোন পথ ব্যবহার করে দেশে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে কারা আশ্রয় দিয়েছিলেন এবং ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রিসোর্টের বৈঠকে অংশ নেওয়া নেতা-কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযানও চলছে। ভবিষ্যতে এভাবে কেউ যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করে বৈঠক করতে না পারেন, সে জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা, ঢাকা, চট্টগ্রাম ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বাস এবং পুলিশ ও বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ, পদ্মা সেতু ও গোপালগঞ্জে সড়ক অবরোধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১০ নভেম্বর—এই চার দিনে দেশের বিভিন্ন স্থানে ৬০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি সব জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, শুধু মাঠপর্যায়ের হামলাকারীদের গ্রেপ্তার করলেই নাশকতা বন্ধ হবে না। এর সঙ্গে জড়িত পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও বিস্ফোরক সরবরাহকারীদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক একটি গণমাধ্যমকে বলেন, ‘গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না। আবার কোনো নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হলে সেটিও যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না। তবে পুলিশ কঠোর হাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নাশকতা ঠেকাতে শুধু পুলিশকে সামনে ঠেলে দিয়ে দোষারোপ করলে হবে না। গণ অভ্যুত্থানের পর এখনো পুলিশের ক্ষমতা ও আস্থার জায়গায় অনেক ঘাটতি রয়েছে। এজন্য পুরো বাহিনীকে শুধু নাশকতা ঠেকাতে নামিয়ে দেওয়া হলেও সেভাবে সফলতা আসবে না। এজন্য প্রয়োজন দৃশ্যমান রাজনৈতিক ঐক্য। যখন কার্যক্রম নিষিদ্ধ কেউ রাজনৈতিক ঐক্যে ঘাটতি দেখবে, তখন জোরালোভাবে নিজের দলের কার্যক্রম জানান দিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে থাকবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, ‘রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করা পুলিশের একমাত্র কাজ নয়। তার বিভিন্ন রুটিন কর্মকাণ্ড আছে। এর মধ্যেই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ করে থাকে। এখানে পুলিশের ব্যর্থতার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। স্বাভাবিক রাজনৈতিক চর্চার বিপরীতে ধ্বংসাত্মক কার্যক্রমকেই আন্দোলনের একমাত্র পন্থা ভাবা হয়। নাশকতাকারী দলের নেতারা কর্মীদের দিয়ে ধ্বংসাত্মক কাজ শুরু করেন। এটি পরিবর্তন হওয়া জরুরি।’

তিনি আরও বলেন, ‘সোর্সনির্ভরতা বেশি হওয়ায় পুলিশের কাছে সব সময় প্রয়োজনীয় তথ্য আসে না। আবার এক স্পটে নজরদারি বাড়ালে আরেক স্পটে ঘটনা ঘটে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এসব নাশকতা ঠেকানো কঠিন।’

সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, ‘দেশে সংঘাত-সংঘর্ষের রাজনীতি নতুন কিছু নয়। কেউ কেউ নাশকতার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কী নাশকতা হবে সেটি গোয়েন্দারা সব বলে দেবেন তা সব সময় হবে না। তবে কোনো ঘটনা ঘটলে সেটির পেছনে কে দায়ী এবং সেখানে যাতে পুনরায় আর একই ঘটনা না ঘটে সেই পদক্ষেপ নিতে হবে। ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের প্রবণতা দেখা গেছে। এজন্য নাশকতার হুমকি থাকলেই ফ্লাইওভারে চেকিং জোরদার করতে হবে। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তাহলে এমনিতেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদার মতে, চলমান নাশকতা প্রতিরোধে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। পাশাপাশি যথাযথ পদক্ষেপও নেওয়া হচ্ছে না। কিছু ঘটনায় পুলিশ পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তবে শ্রমিক আন্দোলনের পর ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ আর বড় ধরনের নাশকতা চালাতে পারবে বলে মনে করেন না তিনি। তাঁর ধারণা, শ্রমিকদের উসকে দেওয়ার মতো নতুন কোনো সুযোগ দলটির সামনে আসার সম্ভাবনা কম।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকার মতো ঘনবসতিপূর্ণ সিটিতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে। এটিকে গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। আমাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে। সে অনুযায়ী নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কোনো অবস্থাতেই কাউকে নাশকতার সুযোগ দেওয়া হবে না।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং স্থিতিশীল রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। নাশকতাকারীদের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22380 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 06:46:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh