![]()
ইবি রিপোর্ট
বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার পরিমাণ ১.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং নীতিগত সংস্কার এগিয়ে নেওয়াই এর উদ্দেশ্য।
এর আগের ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ প্রায় ২.৭১৬ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পেয়েছিল। সেই তুলনায় আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কম রাখা হয়েছে। তবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার অগ্রগতিতে এই পরিমাণ বাড়তে পারে। কর্মসূচির শর্ত পূরণ এবং সংস্কার বাস্তবায়নের ওপরও বিষয়টি নির্ভর করছে।
অর্থ বিভাগের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) সর্বোচ্চ অর্থায়ন করবে। সংস্থাটির কাছ থেকে এক বিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরে এই সংস্থার অর্থায়নের পরিমাণ ছিল ৬০০ মিলিয়ন ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৩৮০ মিলিয়ন ডলার প্রত্যাশা রয়েছে। বিশ্বব্যাংকের কাছ থেকে আরও ৩০০ মিলিয়ন ডলার পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) থেকে ১০০ মিলিয়ন ডলার পাওয়ার আশা রয়েছে। ফ্রান্স উন্নয়ন সংস্থা (এএফডি) থেকে প্রত্যাশিত সহায়তার পরিমাণ ৭৭ মিলিয়ন ডলার। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে অর্থায়নের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন বাজেট সহায়তা কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। তবে এই কর্মসূচিতে সম্ভাব্য অর্থায়নের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য কোনো লক্ষ্যমাত্রা রাখা হয়নি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বাজেট সহায়তায় ওঠানামা দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ ৩.৪৪ বিলিয়ন ডলার সহায়তা পেয়েছিল। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ২.০৩ বিলিয়ন ডলার পাওয়া যায়। ২০২২-২৩ অর্থবছরে সহায়তার পরিমাণ ছিল ১.৭৭ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে ২.৫৯ বিলিয়ন এবং ২০২০-২১ অর্থবছরে ১.০৯ বিলিয়ন ডলার পাওয়া গিয়েছিল।
২০২৫-২৬ অর্থবছরে বিশ্বব্যাংক সিইআরপি ব্যবস্থার মাধ্যমে ৭১৩ মিলিয়ন ডলার দিয়েছে। এই ব্যবস্থায় চলমান কিংবা শেষ হওয়া প্রকল্পের অব্যবহৃত অর্থ পুনর্ব্যবহার করা যায়। জরুরি প্রয়োজনে দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া ছাড়াই অর্থ ব্যবহারের সুযোগ রয়েছে। চলতি অর্থবছরের জন্য এই ব্যবস্থায় আরও ৩০০ মিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে।
ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা কমানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
বাজেট সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁর মতে, বাজেট সহায়তার চাহিদা কমাকে সরাসরি ইতিবাচক কিংবা নেতিবাচক বলা যায় না।
তিনি বলেন, ‘কারণ বাজেট সহায়তা শুধু অর্থায়নের বিষয় নয়, এর সঙ্গে নীতিগত ও কাঠামোগত সংস্কার কর্মসূচিও যুক্ত থাকে। ফলে সরকার বাজেট সহায়তা কম নিলে সংস্কার কর্মসূচির ওপর এর কী প্রভাব পড়ছে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘সরকার যদি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা না নিয়েও নিজস্ব স্বার্থে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে সেটি ইতিবাচক।’
অন্যদিকে, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ লক্ষ্যমাত্রা কমানোকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, ধীরে ধীরে বাজেট সহায়তার প্রয়োজন কমে আসা ইতিবাচক লক্ষণ।
তিনি বলেন, ‘ধীরে ধীরে বাজেট সহায়তার প্রয়োজন কমে আসা একটি ইতিবাচক লক্ষণ। এর অর্থ হতে পারে, একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সক্ষমতা বাড়ছে, অন্যদিকে সামগ্রিক বাজেট বাস্তবায়নে রাজস্বের ওপর চাপ থাকলেও বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমছে।’
তবে রাজস্ব আদায়ে ধীরগতির কারণে সরকারের আয় বাড়ানোর ক্ষেত্রে চাপ রয়েছে। এ প্রসঙ্গে মাসরুর রিয়াজ বলেন, বাজেট সহায়তা সরকারের জন্য এখনো প্রয়োজনীয়। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে এমন সহায়তা প্রয়োজন।
সার আমদানিতে ৫০০ মিলিয়ন ডলারের গ্যারান্টি চায় সরকার
এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের ৩৫০ মিলিয়ন ডলারের পেমেন্ট গ্যারান্টি মডেল অনুসরণ করছে সরকার। এবার সার আমদানির ক্ষেত্রেও একই ধরনের সুবিধা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের গ্যারান্টি সুবিধা চাওয়া হচ্ছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এই সুবিধা ব্যবহার করবে। ইউরিয়া ও নন-ইউরিয়া সার আমদানিতে অর্থায়নের জন্য প্রস্তাবটি করা হয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এতে যুক্ত থাকবে। পাশাপাশি বহুপক্ষীয় বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (মিগা) গ্যারান্টি কাঠামোতে অংশ নেবে।
ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ নিয়ে গত বছরের আগস্টে বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফর করেছিল। ২০২৫ ও ২০২৬ সালের প্রাথমিক বাজার যাচাইয়ের ভিত্তিতে কাঠামোটি প্রস্তাব করা হয়েছে। এর আওতায় বিএডিসি ও বিসিআইসি পাঁচ থেকে সাত বছর মেয়াদি সুবিধা পেতে পারে। সুবিধার মধ্যে থাকবে রিভলভিং ঋণপত্র (এলসি) এবং কার্যকরী মূলধন।
এই কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী অর্থায়নে সার আমদানির লক্ষ্য রয়েছে সরকারের।
এ বিষয়ে জাহিদ হোসেন বলেন, বহুপাক্ষিক গ্যারান্টি সরবরাহকারীদের আস্থা বাড়াতে সহায়তা করে। এতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঋণ কিংবা বাকিতে পণ্য কেনার শর্ত নিয়ে দরকষাকষি সহজ হয়। একই সঙ্গে আমদানির অর্থায়ন ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়।