![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন যেন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হয়, সেই প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সমাপনী ঘোষণার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জলবায়ু ন্যায্যতার প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি সম্মেলনকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের ক্ষেত্র হিসেবেও কাজে লাগিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, চীনের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখার আহ্বান এবং যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সম্মেলনকে দিয়েছে বহুমাত্রিক গুরুত্ব। আগামী ২০ নভেম্বর সমাপনী ঘোষণায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছে বাংলাদেশ।
কপ-৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কাঠামোয় পরিবর্তন আনা। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটিকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তার বড় অংশ ঋণনির্ভর হওয়ায় জলবায়ুজনিত ক্ষতি সামাল দিতে গিয়ে দেশের ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বাস্তবতায় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করা।
সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশের দায় তুলনামূলকভাবে কম, তারাই এর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। তাই উন্নত দেশগুলোর কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
জলবায়ু সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বাংলাদেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সহযোগিতার সম্ভাবনা আলোচনা হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোহিঙ্গা সংকটের সমাধান, বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এরদোয়ান। ফলে সম্মেলনটি বাংলাদেশের জন্য শুধু জলবায়ু অর্থায়নের দাবি জানানোর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগও তৈরি করেছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বেইজিংয়ের কার্যকর সহযোগিতা কামনা করেন।
মিয়ানমারের ওপর চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাখাইনে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গেও বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং এ বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার প্রসঙ্গ গুরুত্ব পায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের পাশাপাশি জলবায়ু সহযোগিতা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয় উঠে আসে। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের নিজস্ব পরিকল্পনাগুলোও আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের পরিকল্পনার কথা জানান। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
জ্বালানি খাতেও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের। ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ এবং চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বিপুল অর্থ। বাংলাদেশের হালনাগাদ জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে ২০৩৫ সাল পর্যন্ত প্রয়োজন হবে ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে এত বিপুল অর্থের সংস্থান করা কঠিন। এ কারণে আন্তর্জাতিক অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতাকে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ।
জলবায়ু অর্থায়নের বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং বাস্তব অর্থ ছাড়ের মধ্যে প্রায়ই ব্যবধান থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতের মতে, শুধু তহবিল ঘোষণার মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় না। বরং বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার, পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করাও জরুরি।
জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ ও চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা এম জাকির হোসেন খানের মতে, বৈশ্বিক জলবায়ু সংকটে বাংলাদেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের ওপর নির্ভরশীল হওয়া ন্যায়সংগত নয়।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ঋণ গ্রহণ করলে দেশের আর্থিক দায় আরও বাড়বে। তাই বাংলাদেশের প্রয়োজন অনুদান।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব এবং আন্তর্জাতিক সহযোগিতা আদায়ের উদ্যোগকে দেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রিজভী। সম্মেলনের সমাপনী পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতির আশাও প্রকাশ করেন তিনি।
আগামী ২০ নভেম্বর কপ-৩১-এর সমাপনী ঘোষণায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর ও জ্বালানি রূপান্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন বা আর্থিক প্যাকেজ নিশ্চিত হয়নি।
ফলে সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কার্যকর ফল নির্ভর করবে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা রূপ পায়, তার ওপর। বিশেষ করে অনুদানপ্রাপ্তি, আন্তর্জাতিক জলবায়ু তহবিলে সহজ প্রবেশাধিকার, প্রযুক্তিগত সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাবশালী দেশগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করাই হবে ঢাকার সামনে বড় চ্যালেঞ্জ। জলবায়ু ন্যায্যতার দাবি থেকে বাস্তব সহযোগিতা আদায় করতে পারলেই এ সম্মেলনের অর্জন দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে কাজে আসবে।