• হোম > রাজনীতি > ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকতে নতুন কর্মসূচি নিচ্ছে বিএনপি

ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকতে নতুন কর্মসূচি নিচ্ছে বিএনপি

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৫:০৫
  • ২০

---

ইবি রিপোর্ট

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় রাজপথে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সভা-সমাবেশ, শোভাযাত্রা ও পাড়া-মহল্লাভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখতে চায় দলটি। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। মহান বিজয় দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট দলীয় সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে আগামী ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে বিএনপি। এ পরিস্থিতিতে শুধু প্রশাসনিক পদক্ষেপের ওপর নির্ভর না করে সাংগঠনিকভাবেও মাঠে থাকতে চায় ক্ষমতাসীন দলটি। দলের নেতাকর্মীদের ব্যস্ত রাখার পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদেরও বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ পরিকল্পনার অংশ হিসেবে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি দলীয় এমপিদের রাজপথে থাকার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক ষড়যন্ত্রের মোকাবিলা রাজপথেই করতে হবে। ফলে ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচিতে সংসদ সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিএনপির একাধিক সূত্রের ভাষ্য, ডিসেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এসব ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে বিএনপি। পাশাপাশি পরিস্থিতির প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে।

গত ১২ নভেম্বর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তাঁর মতে, পরিকল্পিত নাশকতার উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে। জনসমর্থন ছাড়া কোনো ষড়যন্ত্র বা সহিংস তৎপরতা সফল হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে বিএনপির নেতারা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বলে দলীয় ও রাজনৈতিক সূত্রের দাবি। তাঁদের ধারণা, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। বরং এ ধরনের ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং রাজনৈতিক মাঠে আলোচনায় থাকতে চাইছে। তবে বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা না করে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে চায় বিএনপি।

এ ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। গত ১০ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতীতের গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদী শক্তির সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি সতর্ক করে বলেন, সরকার যদি ফ্যাসিবাদী শক্তির তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও প্রয়োজন। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রয়োজনে রাজপথে সক্রিয় থাকবে।

বিরোধী দলগুলোর সহযোগিতা চাওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোরও অপশক্তির বিরুদ্ধে ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের কর্মসূচি নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে পুরো ডিসেম্বর মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পাড়া-মহল্লাভিত্তিক সাংগঠনিক কার্যক্রম, শোভাযাত্রা ও সমাবেশ। এসব কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় উপস্থিতি জোরদার এবং নেতাকর্মীদের সংগঠিত রাখার পরিকল্পনা রয়েছে।

বিএনপির এক সাংগঠনিক সম্পাদকের ভাষ্য অনুযায়ী, কর্মসূচির বিষয়ে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সব মিলিয়ে ডিসেম্বরকে ঘিরে বিএনপির রাজনৈতিক প্রস্তুতিতে দুটি বিষয় গুরুত্ব পাচ্ছে—একদিকে বিজয় দিবসকেন্দ্রিক দলীয় কর্মসূচি, অন্যদিকে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা মোকাবিলায় সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা। তবে পরিস্থিতি কোন দিকে যায় এবং ঘোষিত কর্মসূচিতে অন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কতটা নিশ্চিত হয়, তার ওপর ডিসেম্বরের রাজনৈতিক মাঠের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22368 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 05:36:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh