![]()
ইবি রিপোর্ট
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে অবস্থান করেও দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ জন্য তাঁরা তৃণমূল পর্যায়ের লোকজনকে ব্যবহার করে ককটেল হামলা চালাচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা কলকাতা ও থাইল্যান্ডে অবস্থান করলেও দেশের ভেতরে তাঁদের অনুসারীদের মাধ্যমে সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন। বিএনপি বিরোধী দলে থাকাকালে নানা ধরনের নিপীড়নের শিকার হলেও রাজপথের আন্দোলন থেকে সরে যায়নি উল্লেখ করে রিজভী বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা হলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানও দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য, ১৯৭৩ সালের আইনের আওতায় শেখ হাসিনা এখন পলাতক এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। মানুষ হত্যার দায়ে তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা আইন অনুযায়ী কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, যুবদলের বিক্ষোভ মিছিলে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে শেখ হাসিনার বিচার ও সাজা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।