• হোম > জাতীয় | বাংলাদেশ > শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার: আইনমন্ত্রী

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৬
  • ১৯

---

ইবি রিপোর্ট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়াতেই এগোচ্ছে সরকার। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন ভারতের সিদ্ধান্তের বিষয়টি তাদের নিজস্ব এখতিয়ার।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির কাছে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে অঙ্গীকার করা হয়েছিল, সরকার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় করণীয় সম্পন্ন করা হয়েছে। এখন ভারত কী পদক্ষেপ নেবে, সেটি তাদের সিদ্ধান্ত।

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইনি সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত আনার বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ নেই। তাঁর দাবি, এ ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো বিধান রাখা হয়নি।

এ প্রসঙ্গে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৩ সালে সংবিধানে আনা সংশোধনীতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির মৌলিক অধিকারের দাবি করার সুযোগ সীমিত করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই বিধান শেখ হাসিনার বাবার সময়েই সংবিধানে যুক্ত হয়েছিল।

এদিকে, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন এ কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তদন্তের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে।

এর আগে শনিবার সকালে সাব-রেজিস্ট্রারদের এক সাধারণ সভায় ভূমি নিবন্ধন খাতের অনিয়ম ও জনভোগান্তি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে জনমনে নেতিবাচক ধারণা রয়েছে, যা দ্রুত কাটিয়ে উঠতে হবে। এ বিভাগকে হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এরপরও কেউ হয়রানি করলে তাঁর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22357 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 04:39:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh