• হোম > জাতীয় | বিনোদন > চোট সারাতে টানা ১৫ দিন মূত্র পান করেন পরেশ রাওয়াল

চোট সারাতে টানা ১৫ দিন মূত্র পান করেন পরেশ রাওয়াল

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৩১
  • ১৬

---

ইবি বিনোদন ডেস্ক

পায়ের গুরুতর চোট থেকে দ্রুত সেরে উঠতে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের পরামর্শে তিনি এই অপ্রচলিত পদ্ধতি অনুসরণ করেন বলে জানিয়েছেন। অভিনেতার দাবি, এতে তাঁর সুস্থ হওয়ার গতি দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছিলেন।

২০২৫ সালের এপ্রিলে একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান পরেশ রাওয়াল। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পর ‘ইউরিন থেরাপি’ বা ‘ইউরোথেরাপি’ নামে পরিচিত পদ্ধতিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে উপস্থাপক সৌরভ দ্বিবেদীকে পরেশ জানান, ঘটনাটি ঘটেছিল রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওল অভিনীত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময়। ছবির একটি দৃশ্যে অভিনেতা রাকেশ পান্ডের তাঁকে মাছের বাজারের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দৃশ্যটির জন্য দেওয়া নতুন জুতার তলা বাজারের ভেজা মেঝেতে খুব পিচ্ছিল হয়ে পড়ে।

অভিনেতার স্মৃতিচারণা অনুযায়ী, মহড়ার সময় খুব বেশি শক্তি প্রয়োগ করা না হলেও চূড়ান্ত শুটিংয়ে দৃশ্যটি বেশ তীব্র হয়ে ওঠে। এ সময় ভারসাম্য হারিয়ে সরাসরি হাঁটুর ওপর পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন পরেশ। পরে সহ-অভিনেতা তিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে উদ্ধার করে কাছের নানাবতী হাসপাতালে নিয়ে যান। আঘাতের অবস্থা দেখে তখন নিজের অভিনয়জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও করেছিলেন তিনি।

পরেশের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন। প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে তিনি অভিনেতাকে একটি ভিন্ন পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। পরেশের ভাষ্য অনুযায়ী, বীরু দেবগন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মূত্র পান করতে বলেছিলেন। তাঁর দাবি ছিল, অ্যাকশন শিল্পীরাও চোট সারাতে এ পদ্ধতি অনুসরণ করেন। এতে শারীরিক সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। তবে এর সঙ্গে আগের রাতে মদ্যপান না করার শর্তও দিয়েছিলেন।

পরামর্শটি গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর পুরো নিয়ম মেনেই কাজটি করার কথা ভাবেন পরেশ। সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, একবারে পান না করে ‘বিয়ারের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে’ তা পান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেন তিনি।

পরেশের দাবি, এই সময় পার হওয়ার পর তাঁর পায়ের আরেকটি এক্স-রে করা হয়। সেখানে চোটের উন্নতি দেখে চিকিৎসকেরা বিস্মিত হন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল, হাসপাতাল থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে। কিন্তু দেড় মাসের মধ্যেই আবার শুটিংয়ে ফিরতে পেরেছিলেন বলে জানান অভিনেতা।

‘ইউরিন থেরাপি’ নিয়ে চিকিৎসাবিজ্ঞানের বক্তব্য

নিজের মূত্র পান করার এই পদ্ধতি চিকিৎসাবিজ্ঞানে ‘ইউরিন থেরাপি’, ‘ইউরোথেরাপি’ কিংবা ‘ইউরোফ্যাজিয়া’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের চিকিৎসাকেন্দ্র ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে, কিডনি রক্ত পরিশোধনের পর শরীরের অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়ায় মূত্র তৈরি করে। সুস্থ মানুষের মূত্রে সাধারণত প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। বাকি অংশে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস ও ব্যাকটেরিয়ার মতো বর্জ্য উপাদান।

মূত্রে পানি ও কিছু প্রাকৃতিক উপাদান থাকলেও তা রোগ নিরাময়ে কার্যকর—এমন প্রমাণ নেই। ক্লিভল্যান্ড ক্লিনিক জানিয়েছে, মূত্র পুরোপুরি জীবাণুমুক্ত—এমন প্রচলিত ধারণাও সঠিক নয়।

বিশেষজ্ঞদের মতে, পরেশ রাওয়ালের অভিজ্ঞতাকে ব্যক্তিগত ঘটনা হিসেবেই বিবেচনা করা উচিত। এটি স্বীকৃত কোনো চিকিৎসাপদ্ধতি নয়। বৈজ্ঞানিক প্রমাণ কিংবা পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবেও মূত্র পান করার পদ্ধতি গ্রহণযোগ্য নয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22350 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 04:03:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh