![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
বাইরের কোনো সশস্ত্র হামলার শিকার হলে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছে তুরস্ক ও কাতার। পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার ইস্তাম্বুলে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর এ চুক্তি হয়। এতে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়েছে দেশ দুটি।
ইস্তাম্বুলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠককালে চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্ক ও কাতারের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির দ্বাদশ অধিবেশন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি। একই সঙ্গে নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থান এতে উঠে এসেছে।
চুক্তির আওতায় নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে নিয়মিত পরামর্শ করবে দুই দেশ। পাশাপাশি যৌথ সামরিক মহড়া আয়োজন, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকানো, আলোচনার পরিবেশ তৈরি এবং শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একযোগে কাজ চালিয়ে যাবে।
প্রতিরক্ষা খাতের পাশাপাশি জ্বালানি খাতেও অংশীদারত্ব বাড়াতে আগ্রহী তুরস্ক ও কাতার। যৌথ বিবৃতিতে বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, জ্বালানি অংশীদারত্বের উন্নয়ন ও বৈচিত্র্য আনার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুই দেশ।
এর আগে গত আগস্টে মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে আঞ্চলিক সংঘাতের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিত্র তিনটি সুন্নি মুসলিম দেশ প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো তৈরি করে।
গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুমোদন করেছে। এর ফলে সৌদি আরবকে সামরিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে আঙ্কারার পথ সহজ হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের ওপর চাপের মধ্যে চুক্তিটি অনুমোদন করা হয়।