• হোম > জাতীয় | বিশ্ব সংবাদ > ট্রেডমিলে অনীহা, গলফেই শরীরচর্চা করেন ট্রাম্প

ট্রেডমিলে অনীহা, গলফেই শরীরচর্চা করেন ট্রাম্প

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩০
  • ১৭

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

শরীরচর্চার জন্য দিনে বড়জোর এক মিনিট সময় দেন বলে রসিকতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রেডমিলে দীর্ঘ সময় হাঁটা কিংবা দৌড়ানো তার পছন্দ নয়। বরং গলফ খেলাকেই শারীরিক কর্মকাণ্ডের প্রধান মাধ্যম হিসেবে দেখেন তিনি। ৮০ বছর বয়সি এই প্রেসিডেন্টের ব্যায়াম, খাবার ও ওজন কমানোর ওষুধ নিয়ে আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।

চলতি বছর হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্রীড়াবিদদের স্বাগত জানিয়ে জাতীয় শারীরিক সক্ষমতা ও ক্রীড়া মাস উদ্‌যাপনের ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে নিজের ব্যায়ামের অভ্যাস নিয়ে মজার মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রস্তুত করা বক্তব্য পড়ে শোনাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রায় ৩০ সেকেন্ডের মধ্যেই লিখিত বক্তব্য ছেড়ে নিজের মতো করে কথা বলতে শুরু করেন।

ট্রাম্প বলেন, ‘আমেরিকার ক্রীড়া ঐতিহ্য এবং শারীরিক সক্ষমতায় কৃতিত্ব অর্জনকারীদের উদ্‌যাপন করার জন্য আজ সত্যিই সুন্দর একটি দিন। এসব বিষয় উদ্‌যাপনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

নিজের শরীরচর্চার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনেক পরিশ্রম করি। প্রচুর ব্যায়াম করি—দিনে প্রায় এক মিনিট, ভাগ্য ভালো থাকলে সর্বোচ্চ এতটুকুই।’

তার এ মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মৃদু হাসির সৃষ্টি হয়।

শরীরচর্চায় আগ্রহ কম

ট্রাম্পের নিয়মিত ব্যায়াম না করার বিষয়টি আগে থেকেই আলোচিত। সর্বশেষ শারীরিক পরীক্ষায় তার ওজন পাওয়া যায় ২২৪ পাউন্ড বা প্রায় ১০২ কেজি। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।

নববর্ষের দিন দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গলফ খেলা ছাড়া অন্য কোনো শারীরিক কর্মকাণ্ডে তার তেমন আগ্রহ নেই। ট্রেডমিলে হাঁটা কিংবা দৌড়ানোর বিষয়টিও তার কাছে বিরক্তিকর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা পছন্দ করি না। বিষয়টি বিরক্তিকর। কিছু মানুষ ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে হাঁটেন কিংবা দৌড়ান। কিন্তু এটা আমার জন্য নয়।’

তবে পায়ের গোড়ালির ফোলাভাব কমাতে সাম্প্রতিক সময়ে কাজের টেবিল থেকে উঠে বেশি হাঁটাহাঁটি করছেন বলে জানিয়েছেন তার সহযোগীরা।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প দীর্ঘস্থায়ী শিরাগত অপ্রতুলতায় (ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি) ভুগছেন। এ সমস্যায় পায়ের শিরাগুলো পর্যাপ্ত দক্ষতার সঙ্গে রক্ত হৃদ্‌যন্ত্রের দিকে ফিরিয়ে নিতে পারে না। ফলে পায়ে রক্ত জমে থাকা বা ফোলাভাব দেখা দিতে পারে।

গলফই ট্রাম্পের পছন্দের শরীরচর্চা

ব্যায়ামে অনীহা থাকলেও গলফ খেলতে বেশ পছন্দ করেন ট্রাম্প। সাধারণত সপ্তাহান্তে গলফ কোর্সে সময় কাটান তিনি। তার এই আগ্রহের কারণে তিনি সেদিন গলফ খেলেছেন কি না, তা জানার জন্য আলাদা একটি ওয়েবসাইটও চালু হয়েছে। ওয়েবসাইটটির নাম ‘ডিড ট্রাম্প গলফ টুডে?’ অর্থাৎ ‘ট্রাম্প কি আজ গলফ খেলেছেন?’

ওয়েবসাইটটির হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে বর্তমান মেয়াদের প্রায় এক-চতুর্থাংশ সময় গলফ খেলেই কাটিয়েছেন তিনি।

গলফারদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য

ওভাল অফিসে ঘোষণাপত্রে সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলফ তারকা গ্যারি প্লেয়ার এবং দুইবারের ইউএস ওপেনজয়ী ব্রাইসন ডিশ্যাম্বো। ডিশ্যাম্বোর সুঠাম শারীরিক গঠন দেখে প্রশংসা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘শারীরিক সক্ষমতা নিয়ে তিনি (ডিশ্যাম্বো) ভীষণ সচেতন। তাকে দেখলেই বোঝা যায়। আমার তো মনে হয়, তিনি যদি একেবারেই শরীরচর্চা না করতেন, তারপরও তার শরীর এখনকার মতোই থাকত।’

পরে ডিশ্যাম্বোর শরীরের গঠন নিয়ে আবারও কথা বলেন ট্রাম্প। এ সময় ওজন কমানোর ওষুধের প্রসঙ্গ তুলে রসিকতা করেন তিনি। এসব ওষুধকে নিজের পছন্দের শব্দবন্ধ ‘ফ্যাট শট’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কখনো সেই ইনজেকশন নিয়েছ? সে বুঝতেই পারেনি আমি কী বলছি। বলল, কোন ইনজেকশন? তার শরীরে মেদ জমতে পারে। সে তার শরীর নিয়ে একজন বিজ্ঞানীর মতো। অসাধারণ একজন মানুষ এবং সত্যিকারের চ্যাম্পিয়ন।’

ওজন কমানোর ওষুধ নিয়েও আগ্রহ

ওজন কমানোর ওষুধের প্রতি ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। নিজের ঘনিষ্ঠ মহলের দুজনের এ ধরনের ওষুধ ব্যবহারের কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। তাদের একজন হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং। অন্যজন তার এক ধনকুবের বন্ধু, যার নাম প্রকাশ করেননি ট্রাম্প।

গত জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ওজন কমানোর ইনজেকশন তার নিজেরও প্রয়োজন হতে পারে।

ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য ব্যবহৃত জনপ্রিয় এসব ওষুধ কখনো নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি ব্যবহার করিনি। তবে সম্ভবত আমার ব্যবহার করা উচিত।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22334 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 04:03:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh