• হোম > জাতীয় | শিক্ষা | সারাদেশ > বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক ভাতা ২০০ টাকা

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক ভাতা ২০০ টাকা

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫
  • ১৮

---

ইবি রিপোর্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বাড়াতে বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৬৪ জেলায় দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা। প্রশিক্ষণ চলাকালে অনাবাসিক অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা পাবেন। এ কর্মসূচি বাস্তবায়ন করছে যুব উন্নয়ন অধিদপ্তর।

যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’।

এ কর্মসূচির আওতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচ পরিচালিত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিন ক্লাস অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে প্রশিক্ষণের মেয়াদ হবে ৩০০ ঘণ্টা।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি

প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। প্রশিক্ষণার্থী নির্বাচনে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ইংরেজিতে দক্ষ প্রার্থীরাও নির্বাচনে অগ্রাধিকার পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা হলো www.dydaiproject.com/apply। ২৪ নভেম্বর নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন জমা দেওয়ার পর ফরমের একটি কপি ডাউনলোড করে রাখতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার সময়, তারিখ ও স্থান এসএমএসে জানানো হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরদিন ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।

চার প্যাকেজে প্রশিক্ষণ কার্যক্রম

দেশের আটটি বিভাগে প্রশিক্ষণ পরিচালনার জন্য চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্যাকেজের আওতায় নির্দিষ্ট জেলার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানগুলো।

প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালিত হবে। এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যৌথভাবে কার্যক্রমটি পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড। এ উদ্যোগে রয়েছে ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটি।

প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় কার্যক্রম পরিচালিত হবে। যৌথভাবে দায়িত্ব পালন করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড। সঙ্গে থাকবে ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ।

আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে যোগ্যতা ও পরীক্ষার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22322 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 04:03:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh