![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
নারীদের স্বাস্থ্যসেবা, বৈশ্বিক স্বাস্থ্য এবং কৃষি খাতে নতুন উদ্ভাবনী সমাধান খুঁজতে যৌথ উদ্যোগ নিয়েছে গেটস ফাউন্ডেশন ও ফ্ল্যাগশিপ পাইওনিয়ারিং। পাঁচ বছর মেয়াদি এ অংশীদারত্বে সর্বোচ্চ ২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে প্রতিষ্ঠান দুটি। এর লক্ষ্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর স্বাস্থ্য ও কৃষি সমাধান তৈরি করা।
গেটস ফাউন্ডেশন ও ফ্ল্যাগশিপ পাইওনিয়ারিং যৌথভাবে ‘পাইওনিয়ারিং গ্লোবাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিজিএইচঅ্যান্ডডি) নামে একটি নতুন উদ্যোগ প্রতিষ্ঠা করেছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর উপযোগী সম্ভাব্য কর্মসূচি চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকারিতা মূল্যায়ন করাই হবে এ উদ্যোগের মূল কাজ।
নতুন এই কার্যক্রম প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য পাঁচ বছরে সর্বোচ্চ ২৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুই প্রতিষ্ঠান। উদ্যোগটি ফ্ল্যাগশিপের অধীনে পরিচালিত হবে।
এই সহযোগিতার মাধ্যমে চিহ্নিত প্রতিটি কর্মসূচির উন্নয়ন ও পরবর্তী কার্যক্রমে সহায়তার জন্য দুই প্রতিষ্ঠানের কাছ থেকে আলাদা অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
উদ্যোগটি বাস্তবায়নে ফ্ল্যাগশিপের ৪০টির বেশি প্ল্যাটফর্ম কোম্পানির অভিজ্ঞতা কাজে লাগানো হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগ ফ্ল্যাগশিপ ল্যাবস থেকে আসা ভবিষ্যৎ উদ্ভাবনও এতে যুক্ত হবে।
অন্যদিকে, বৈশ্বিক স্বাস্থ্য, নারীদের স্বাস্থ্য এবং কৃষি বিষয়ে গেটস ফাউন্ডেশনের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। দুই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে এমন সমাধান খোঁজা হবে, যা পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য হিসেবে উন্নয়ন করা সম্ভব।
বিশেষ করে যেসব জনগোষ্ঠী প্রচলিত স্বাস্থ্যসেবা ও কৃষি সমাধানের সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে এসব উদ্ভাবনের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অংশীদার প্রতিষ্ঠান দুটি।
পিজিএইচঅ্যান্ডডি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্ল্যাগশিপ পাইওনিয়ারিংয়ের জ্যেষ্ঠ অংশীদার ড. রাজ পাঞ্জাবি। এর আগে তিনি হোয়াইট হাউসে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা ও বায়োডিফেন্সবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ম্যালেরিয়া উদ্যোগের নেতৃত্বও দিয়েছেন তিনি।
এ ছাড়া ফ্ল্যাগশিপের প্রিম্পটিভ হেলথ অ্যান্ড মেডিসিন উদ্যোগের নেতৃত্বেও ভূমিকা রেখেছেন পাঞ্জাবি।
ফ্ল্যাগশিপ ল্যাবসের নির্বাহী অংশীদার, প্রধান করপোরেট উন্নয়ন কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা জাস্টিন লেভিন-অ্যালারহ্যান্ড বলেন, “উদ্ভাবনের প্রকৃত মূল্যায়ন শুধু বৈজ্ঞানিকভাবে কী সম্ভব করা যায়, তার ওপর নির্ভর করে না; বরং এর সুফল কত বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে, সেটিও বিবেচ্য।”
তিনি আরও বলেন, “বৈশ্বিক স্বাস্থ্য, নারীদের স্বাস্থ্য এবং কৃষি খাতে উদ্ভাবনের প্রয়োজনীয়তা সম্পর্কে গেটস ফাউন্ডেশনের গভীর জ্ঞান এবং নতুন প্রযুক্তি ও পণ্য উদ্ভাবনে ফ্ল্যাগশিপের সক্ষমতা একত্র করা গেলে শুরু থেকেই উদ্ভাবনের সঙ্গে মানুষের প্রবেশাধিকার ও ইতিবাচক প্রভাব যুক্ত করা সম্ভব হবে।”
তার ভাষ্য, “এই সহযোগিতা উচ্চাকাঙ্ক্ষী বৈজ্ঞানিক গবেষণাকে এমন সব সমাধানে রূপ দেওয়ার নতুন সুযোগ তৈরি করবে, যার সুফল প্রায়ই উপেক্ষিত মানুষ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে।”
এর আগে ফ্ল্যাগশিপের তিনটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৯২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে গেটস ফাউন্ডেশন।
এগুলোর মধ্যে রয়েছে প্রোফাউন্ড থেরাপিউটিকস। উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত গর্ভাবস্থার গুরুতর জটিলতা প্রি-এক্ল্যাম্পসিয়া ও এক্ল্যাম্পসিয়া নিয়ে প্রতিষ্ঠানটির গবেষণায় সহায়তা দিয়েছে ফাউন্ডেশন। এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে খিঁচুনিও দেখা দেয়।
এ ছাড়া সিকল সেল রোগ ও এইচআইভি মোকাবিলায় কাজের জন্য টেসেরা থেরাপিউটিকস এবং ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য সেইল বায়োমেডিসিনসকে সহায়তা দিয়েছে গেটস ফাউন্ডেশন।
নতুন উদ্যোগের মাধ্যমে ফ্ল্যাগশিপের বর্তমান ও ভবিষ্যৎ কোম্পানিগুলোর বিভিন্ন প্রকল্প চিহ্নিত করার জন্য আরও বিস্তৃত কাঠামো তৈরি হবে। প্রাথমিক পর্যায়েই সম্ভাব্য কর্মসূচিগুলো মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি। তবে প্রতিটি প্রকল্পের জন্য পরবর্তী অর্থায়ন ও উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হবে পৃথকভাবে।
সূত্র: ফেমটেক ওয়ার্ল্ড