![]()
ইবি ডেস্ক
কানাডার বাজারে বাংলাদেশের পাটপণ্যের রপ্তানি সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের সহায়তায় নতুন প্রকল্প শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি সক্ষমতা উন্নয়নে কাজ করা হবে।
‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইন্যাবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) নামের প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফেসিলিটেশন অফিস (টিএফও) কানাডা।
ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।
অনুষ্ঠানে টিএফও কানাডার প্রজেক্ট ম্যানেজার মো. আশরাফ আহমেদ প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, কানাডা সরকারের অর্থায়নে ১৬টি দেশে পাঁচ বছর মেয়াদি ট্রাইসেগ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা কানাডার বাজারে তাঁদের উৎপাদিত পণ্যের প্রবেশাধিকার বাড়াতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা পাবেন। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রায় ২০০ এসএমই উদ্যোক্তা সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
প্রকল্পটির লক্ষ্য বাংলাদেশের পাট খাতের উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং কানাডার বাজারে তাঁদের উৎপাদিত পণ্যের প্রবেশের সুযোগ সম্প্রসারণ করা।