![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে আব্দুল এল-সায়েদের শপথের মধ্য দিয়ে। দেশটির প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে তাঁরও শপথ গ্রহণের কথা রয়েছে।যু
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে নিজের শপথের পরিকল্পনার কথা জানান আব্দুল এল-সায়েদ। তিনি জানিয়েছেন, ঐতিহাসিক দুটি কোরআনের যেকোনো একটির ওপর হাত রেখে সিনেটর হিসেবে শপথ নিতে চান।
শপথের জন্য বিবেচনায় থাকা কোরআন দুটির মধ্যে একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন ধর্মগ্রন্থ। অন্যটি প্রাচীন একটি কোরআন, যা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে। এই দুটি ঐতিহাসিক কোরআনের মধ্যে একটি বেছে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন আব্দুল এল-সায়েদ। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন তিনি। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে দেশটির সিনেটে প্রথম নির্বাচিত মুসলিম প্রতিনিধি হিসেবে যুক্ত হচ্ছেন এল-সায়েদ।
এর আগে যুক্তরাষ্ট্রে মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সিনেটর হিসেবে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার এমন নজিরও দেশটিতে আগে দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নেওয়ার সুযোগ রয়েছে। সেই সাংবিধানিক সুযোগ কাজে লাগিয়েই কোরআনে হাত রেখে দায়িত্ব গ্রহণ করতে চান আব্দুল এল-সায়েদ।
আগামী বছরের ৩ জানুয়ারি তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটরের দায়িত্ব পালন শুরু হবে।