• হোম > জাতীয় | দেশজুড়ে | বিনোদন > পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ‘মহব্বত’ নিয়ে পর্দায় ফিরছেন শাকিব

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ‘মহব্বত’ নিয়ে পর্দায় ফিরছেন শাকিব

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৮:০৪
  • ১৮

---

ইবি বিনোদন রিপোর্ট

অ্যাকশননির্ভর সিনেমার পরিচিত গণ্ডি পেরিয়ে এবার রোমান্টিক গল্প নিয়ে বড় পর্দায় আসছেন ঢালিউড তারকা শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যাবে পাকিস্তানি একজন অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। নতুন এই কাজের মধ্য দিয়ে দুই দেশের চলচ্চিত্রশিল্পের মধ্যে যৌথ উদ্যোগের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর অংশগ্রহণের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’

পাকিস্তানের চলচ্চিত্রের বাজার ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেতা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। সেখানকার কোনো সিনেমা ব্যবসায়িকভাবে সফল হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার আয় করতে পারে।

এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, ‘আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা নাকি ১ হাজার ২০০। তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে, যা সত্যিই দারুণ ব্যাপার। আমরাও সেই জায়গায় পিছিয়ে থাকব না।’

সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানকে বেশির ভাগ সময় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’ সিনেমায় মারকুটে চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রতিটি সিনেমাতেই ছিল অ্যাকশননির্ভর উপস্থিতি। অন্যদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেতা।

এবার ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে রোমান্টিক গল্পে ফিরছেন শাকিব। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফেরও এ ধরনের গল্প নির্মাণে অভিজ্ঞতা রয়েছে। তাঁর পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বড় সাফল্য পেয়েছিলেন শাকিব। পরবর্তী সময়ে একই পরিচালকের ‘রাজকুমার’ সিনেমাতেও তাঁদের জুটি দর্শকের সাড়া পায়।

আগের দুই সিনেমার সাফল্যের পর আবারও হিমেল আশরাফের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন শাকিব। তবে এবার গল্পের প্রেক্ষাপটে যুক্ত হচ্ছে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প। দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মহব্বত’-এ পাকিস্তানি অভিনেত্রীর অংশগ্রহণও সিনেমাটিকে ঘিরে নতুন আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটির মাধ্যমে রোমান্টিক চরিত্রে শাকিবের প্রত্যাবর্তনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ কাজও নতুন করে আলোচনায় এসেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22293 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 03:27:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh