• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ৬ হাজার কোটি বিনিয়োগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পেতে পারে সরকার

৬ হাজার কোটি বিনিয়োগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পেতে পারে সরকার

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৩২
  • ২৬

---

ইবি রিপোর্ট

মূলধন ঘাটতি কমাতে সরকারের কাছে বড় অঙ্কের বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ সরকারের হাতে যেতে পারে।

সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ হাজার কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ব্যাংকটি। এতে দেশের বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ৭৮.৮ শতাংশ শেয়ার সরকারের হাতে যেতে পারে।

পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাব দিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই প্রক্রিয়ায় ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯.৯৯ কোটি টাকা থেকে বাড়বে। নতুন মূলধন যুক্ত হলে তা ৭ হাজার ৬০৯.৯৯ কোটি টাকায় উন্নীত হবে।

গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে একটি পরিকল্পনা জমা দেয় ইসলামী ব্যাংক। পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’।

সেখানে মূলধন ঘাটতি কমানো এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রস্তাবিত নতুন শেয়ার ইস্যুর বিষয়টিও ওই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে ইসলামী ব্যাংকের ৬০০ কোটি অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাবের কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকার বা সরকারি প্রতিষ্ঠানের ইক্যুইটি বিনিয়োগ চাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো ব্যাংকের মূলধনে সরকারের কৌশলগত অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারের এখতিয়ারভুক্ত। তাই এ বিনিয়োগ প্রস্তাবে সরকার সম্মত কি না, সেটি জানতে চাওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, নতুন শেয়ার নিয়ে সাবেক মালিকদের প্রভাব ঠেকাতে বিনিয়োগ চাওয়া হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের শেয়ার বেসরকারি খাতে উন্মুক্ত করলে আগের মালিকদের ফেরার সুযোগ তৈরি হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “এসব প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হলে আগের মালিকদের শেয়ার কিনে ফিরে আসার সুযোগ তৈরি হবে।”

তিনি বলেন, সরকারি বিনিয়োগে ব্যাংকটির মূলধন ঘাটতি কমবে এবং নিয়ন্ত্রক শর্ত পূরণে সহায়তা হবে। নতুন শেয়ার ইস্যুর ফলে এস আলম-সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মালিকানার অনুপাতও কমে যাবে।

এর ফলে ব্যাংকটির ওপর তাদের প্রভাব আরও সংকুচিত হবে বলে জানান ওই কর্মকর্তা। আর্থিক পরিস্থিতি উন্নত হলে সরকার পরে এসব শেয়ার বিক্রি করতে পারবে বলেও তিনি মনে করেন।

তার ভাষায়, “ভবিষ্যতে আর্থিক পরিস্থিতির উন্নতি ও পুনরুদ্ধার প্রক্রিয়া সফল হলে সরকার এসব শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিতে পারবে।”

সরকারের মালিকানা নিয়ে প্রশ্ন মনসুরের

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর প্রস্তাবটির সমালোচনা করেছেন। তিনি সরকারি মালিকানায় ব্যাংক পরিচালনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তিনি টিবিএসকে বলেন, “পৃথিবীর সব সরকার যখন ব্যাংক খাত থেকে বের হয়ে গেছে, তখন আমরা ঢুকছি। সরকারি মালিকানা খুবই অদক্ষ, সরকারি ব্যাংকগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট।”

সাবেক এই গভর্নর বলেন, সরকারের দায়িত্ব নেওয়াই কোনো ব্যাংক ভালো হওয়ার নিশ্চয়তা দেয় না। ইসলামী ব্যাংকের অবশিষ্ট সুনামও সংখ্যাগরিষ্ঠ সরকারি মালিকানায় ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, “সরকার দায়িত্ব নিলেই কোন ব্যাংক ভালো ব্যাংক হয়ে যায় না। ইসলামী ব্যাংকের যেটুকু নাম এখনও রয়েছে, সরকার শেয়ার কিনে সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হলে এটুকুও নষ্ট হবে।”

মনসুরের মতে, ৬ হাজার কোটি টাকার এই বিনিয়োগ কয়েক বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে সরকারকে আবারও ব্যাংকটিতে তহবিল জোগান দিতে হতে পারে।

এর পরিবর্তে সাবেক বিদেশি শেয়ারহোল্ডারদের কাছ থেকে বিনিয়োগ চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নতুন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথাও বলেছেন সাবেক এই গভর্নর।

ব্যাংকটির আগের বিনিয়োগকারীদের মধ্যে ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক ও কুয়েত ফাইন্যান্স হাউস।

এ ছাড়া কঠোর নিয়ন্ত্রক নজরদারির অধীনে দেশীয় বেসরকারি খাত থেকেও বিনিয়োগ আনার পরামর্শ দেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো ফাহমিদা খাতুন প্রস্তাবটি সতর্কতার সঙ্গে বিবেচনার কথা বলেছেন।

তিনি বলেন, “ব্যাংকের মূলধন পরিস্থিতি ও অ্যাসেট কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করে তা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংককেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

আদালতের আদেশে মালিকানা জব্দ

চারদলীয় জোট সরকারের আমলে (২০০১–২০০৬) ব্যাংকটির মালিকানায় ছিলেন জামায়াত ইসলামীর নেতা ও সমর্থকরা। অন্তবর্তীকালীন সরকারের সময় জামায়াত ঘনিষ্ঠরা ব্যাংকটির পর্ষদে ফিরে আসেন।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর তখনকার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ব্যাংকটির বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান শেয়ার কেনে। নামে-বেনামে তারা প্রায় ১৩১.৩৫ কোটি থেকে ১৩১.৮৯ কোটি শেয়ারের মালিকানা নেয়।

এটি ব্যাংকটির মোট শেয়ারের ৮১.৫৯ শতাংশ থেকে ৮১.৯২ শতাংশের সমান। এসব শেয়ার বর্তমানে আদালতের রায়ে জব্দ অবস্থায় রয়েছে।

বাকি প্রায় ১৮.০৮ শতাংশ থেকে ১৮.৪১ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।

ক্রমবর্ধমান লোকসান ও মূলধন ঘাটতি

ক্রমবর্ধমান লোকসান, খেলাপি ঋণ ও প্রভিশনিং ঘাটতির মধ্যে এই বিনিয়োগ প্রস্তাব এসেছে। ব্যাংকটির আর্থিক পরিস্থিতি বর্তমানে নানা চাপের মধ্যে রয়েছে।

চলতি পঞ্জিকাবর্ষের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরেই লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

প্রস্তাবে উল্লিখিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা।

এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। ব্যাংকটি বর্তমানে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22285 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 03:27:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh