• হোম > জাতীয় | দেশজুড়ে | সারাদেশ > সড়ক সম্প্রসারণের আড়ালে চার শতাধিক গাছ কাটার অভিযোগ

সড়ক সম্প্রসারণের আড়ালে চার শতাধিক গাছ কাটার অভিযোগ

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৬:০৩
  • ১৪

---

 ইবি রিপোর্ট

সড়ক সম্প্রসারণের কাজ চলার মধ্যেই উধাও হয়েছে শত শত গাছ। ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কে এমন ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে। অথচ কর্তৃপক্ষের অনুমোদন ছিল মাত্র ২৪টি গাছ কাটার জন্য। কাটা গাছের মধ্যে রয়েছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি ও রোড চাম্বুল।

লালমোহন উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রমাগঞ্জ ইউনিয়নে সড়কটির অবস্থান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে গাছ কাটা হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাঁদের অভিযোগ, এ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন স্থানীয় দুই রাজনৈতিক নেতা। তাঁরা হলেন রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীন। অন্যজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মাসুম। বর্তমানে ওই সংগঠনের কোনো কমিটি নেই। তবে চলতি মাস থেকে গাছ কাটা বন্ধ রয়েছে।

গাছ কাটার অভিযোগ ওঠার পর জসিমউদ্দীনকে দল থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা যুবদল। গত ৩১ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

আবদুল কাদের  বলেন, বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে গাছ কাটার খবর প্রকাশিত হয়েছে। এরপর দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এ কারণে জসিমউদ্দীনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমোহন কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটির সম্প্রসারণকাজ চলছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে ২৪টি গাছ। সেগুলো কাটার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে এলজিইডি। তবে গাছ কাটার জন্য এখনো কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এর মধ্যেই চার শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে।

সড়ক সম্প্রসারণকাজের ঠিকাদার মো. ফারুক বলেন, স্থানীয় বাসিন্দারাই জানেন, কারা গাছগুলো কেটেছেন। তবে গাছগুলোর মালিকানা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোনো দপ্তরই এখন পর্যন্ত গাছগুলোর মালিকানা দাবি করেনি।

লালমোহনের ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, প্রাথমিক তদন্তে ৬৪টি গাছ কাটার তথ্য পাওয়া গেছে। প্রথম আলোকে তিনি বলেন, প্রকৃত সংখ্যা নির্ধারণে বন বিভাগের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পুনরায় জরিপ হবে। জেলা প্রশাসক বন বিভাগের একজন কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করেছেন। অবৈধভাবে গাছ কাটার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কথা বলেছেন স্থানীয় প্রবীণ ব্যক্তিসহ ১০ জন বাসিন্দা। তাঁদের ভাষ্য, ১৯৯৬ থেকে ২০০২ সালের মধ্যে গাছগুলো লাগানো হয়েছিল। রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন বিভাগের সহযোগিতায় প্রায় দুই হাজার গাছ রোপণ করা হয়। তবে ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসক ও সচিব মো. ইলান হোসেন বলেন, গাছগুলোর মালিকানা নিয়ে কোনো নথি পরিষদে নেই।

গত ১ নভেম্বর সকালে কর্তারহাট থেকে আল আমিন চৌমুহনী পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, সম্প্রসারণকাজ চলছে। রায়চাঁদ বাজারমুখী সড়কের বাঁ পাশে প্রায় তিন ফুট গভীর গর্ত করা হয়েছে। সেখানে বালুমিশ্রিত ইটের খোয়া ফেলা হয়েছে। পাঁচ কিলোমিটার সড়ক ঘুরে দেখা যায়, এক পাশ প্রায় গাছশূন্য। অন্য পাশ থেকেও বড় গাছ বেছে কেটে নেওয়া হয়েছে। কোথাও গাছের গোড়া উপড়ে ফেলা হয়েছে, কোথাও মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সড়কের দুই পাশে ২২০টির বেশি গাছের গুঁড়ি এখনো দৃশ্যমান রয়েছে। আরও প্রায় ২০০টি কাটা গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অন্যদিকে, সড়কের পাঁচ কিলোমিটারে সাড়ে নয় শতাধিক গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বরের শুরুতে দ্বিতীয় দফায় সম্প্রসারণকাজ শুরু হয়। এরপর থেকেই অবৈধভাবে গাছ কাটা শুরু হয়েছিল। স্থানীয় দুই নেতা দরপত্রের মাধ্যমে গাছ কাটার অনুমতি পেয়েছেন বলে প্রচার করেন। ফলে বাসিন্দারা প্রথমদিকে কোনো বাধা দেননি। পরে দিনরাত করাত দিয়ে গাছ কেটে ট্রাকে তোলা হয়। খননযন্ত্রে শিকড় তোলা সম্ভব হয়নি, এমন গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে মো. জসিমউদ্দীন  বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তোলা হয়েছে।’ বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলাম তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। জসিমউদ্দীন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না; বরং আমার কাছে প্রমাণ আছে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেকেই গাছ কেটেছেন।’

তিনি আরও দাবি করেন, বিএনপি নেতা খাইরুল ইসলাম তিনটি গাছ নিজের মুরগির খামারে নিয়ে গেছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে খাইরুল ইসলাম  বলেন, তাঁর খামার এক বছরের বেশি আগে নির্মিত হয়েছে। সেখানে গাছ নেওয়ার প্রয়োজন হয়নি। গাছ চুরির ঘটনা প্রকাশের পর জসিমউদ্দীন উল্টাপাল্টা কথা বলছেন।

সড়কের পাশের কয়েকটি করাতকল ঘুরে সদ্য কাটা গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। সবচেয়ে বেশি গাছ রাখা হয়েছে রায়চাঁদ বাজারের পূর্ব-দক্ষিণে বেতুয়া খালের তীরে। সেখানে মো. শাহাবুদ্দিনের করাতকল অবস্থিত। শাহাবুদ্দিন  বলেন, তিনি একসময় নিষিদ্ধ শ্রমিক লীগের রমাগঞ্জ ইউনিয়ন সভাপতি ছিলেন। শ্রমিকেরা কাটা গাছ এনে তাঁর করাতকলে রেখেছেন। তবে গাছগুলোর মালিক কারা, তা তিনি জানেন না।

উপকূলীয় বন বিভাগের লালমোহন রেঞ্জের রেঞ্জার আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, গাছগুলো সামাজিক বনায়নের আওতায় কি না, সে বিষয়ে নথি নেই। সড়কটি এলজিইডির হওয়ায় বন বিভাগ শুধু ২৪টি গাছের মূল্য নির্ধারণ করেছে। এ ছাড়া এলজিইডির সঙ্গে বন বিভাগের কোনো চুক্তি নেই।

লালমোহন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাসেল মল্লিক বলেন, সড়কের দুই পাশে এলজিইডি বা বন বিভাগের গাছ লাগানোর নথি পাওয়া যায়নি। সড়কের জমিও অধিগ্রহণ করা হয়নি। সরকারি জমির ওপর শুধু পাকা সড়ক নির্মাণ করা হয়েছে।

পরিবেশকর্মীরা বলছেন, সড়কের পাশের গাছ জনগণের সম্পদ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব গাছের ভূমিকা রয়েছে। মালিকানা যারই হোক, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা যায় না।

পরিবেশ আন্দোলনকর্মী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী  বলেন, শুধু দলীয় বহিষ্কার যথেষ্ট নয়। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে গাছের প্রকৃত মালিকানা নির্ধারণ করতে হবে। সরকারি সম্পদ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22273 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 12:23:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh