• হোম > আন্তর্জাতিক | বিদেশ > প্রথম নারী সিইও পেল প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

প্রথম নারী সিইও পেল প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪২
  • ১৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়ার নেতৃত্বে এলো নতুন অধ্যায়। দীর্ঘ ৩৩ বছর পর সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের নেতৃত্বের অবসানের পর কোম্পানিটির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ নেতৃত্বে জায়গা করে নিলেন একজন নারী। একই সময়ে পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হার্ভি সি জোন্সকে।

পরিচালনা পর্ষদের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএফওর দায়িত্বের পাশাপাশি অন্তর্বর্তী সিইও হিসেবেও দায়িত্ব পালন করবেন কোলেট ক্রেস। জেনসেন হুয়াংয়ের স্থায়ী উত্তরসূরি নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনায় রাখবে পর্ষদ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী সিইও পদের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন ক্রেস। প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে তার অবস্থান বেশ শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার সময় সহপ্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত ছিলেন জেনসেন হুয়াং। বৃহস্পতিবার তার ৩৩ বছরের নেতৃত্বের সমাপ্তি ঘটে। দীর্ঘ এই সময়ে তিনি কোম্পানির প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কে এই কোলেট ক্রেস

এনভিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোলেট ক্রেস বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্বও সামলাবেন তিনি।

২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন ক্রেস। এরপর থেকে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। একই সঙ্গে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সম্প্রসারণেও ভূমিকা রেখেছেন।

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের অর্থ বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিসকো ও মাইক্রোসফট।

ক্রেসের নিয়োগ সম্পর্কে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোন্স বলেন, অসাধারণ প্রবৃদ্ধির সময় এনভিডিয়ার নেতৃত্বে কোলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোম্পানির ব্যবসা, গ্রাহক, কার্যক্রম ও আর্থিক পরিস্থিতি সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে। প্রতিষ্ঠানের কৌশল বাস্তবায়ন এবং প্রযুক্তিগত পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও ক্রেসের নেতৃত্বাধীন দল অবদান রেখেছে। এসব কারণে তার ওপর কোম্পানির পূর্ণ আস্থা রয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় কোলেট ক্রেস বলেন, ‘এনভিডিয়ার শক্তির মূল উৎস এর কর্মীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেনসেন গত ৩৩ বছরে কোম্পানির জন্য অসাধারণ একটি ভিত্তি তৈরি করেছেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।’

দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া। এই দুই খাতে কোম্পানির অগ্রযাত্রা ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতের নতুন সম্ভাবনাগুলো কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছেন কোলেট ক্রেস।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22269 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 12:23:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh