![]()
ইবি বিনোদন রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। একই পোস্টে টিআরপি পাওয়ার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে কাজ করা ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করেন অনন্ত জলিল। সেখানে পবিত্র কোরআনের দুটি আয়াত উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
পোস্টের শুরুতে সুরা ফাতিহার একটি আয়াত উল্লেখ করেন অভিনেতা। আয়াতটি হলো, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’
এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’। এর অর্থ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’
নিজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত জলিল। ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশকারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
অন্যদিকে, টিআরপির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে অনন্ত লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’
একই সঙ্গে এসব ব্যক্তির জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন অভিনেতা।
অনন্ত জলিলের পোস্ট ঘিরে ভক্ত ও অনুসারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। সেখানে এস এম মাসুম বাবুল নামের একজন তাঁকে ধৈর্য ধরার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন।
মন্তব্যে তিনি বলেন, অনন্ত জলিলের প্রতি মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে। আল্লাহ তাঁকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাঁকে ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়েছে।