• হোম > জাতীয় | দেশজুড়ে | সারাদেশ > কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণে সরকারি অনুমোদন নেয়নি সুপার পেট্রোকেমিক্যাল

কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণে সরকারি অনুমোদন নেয়নি সুপার পেট্রোকেমিক্যাল

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২২
  • ২৩

---

ইবি রিপোর্ট 

সরকারি অনুমোদন ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল)। প্রকল্পের জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও মেশিনারিজ আমদানি করা হলেও এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমতি নেওয়া হয়নি। বিপিসির গঠিত তদন্ত কমিটির পরিদর্শনে এসব তথ্য উঠে এসেছে। পাশাপাশি নীতিমালার বাইরে রিফাইনারির কয়েকটি ইউনিট নির্মাণের বিষয়টিও পর্যালোচনায় রয়েছে।

‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় সরকারের অনুমোদন ছাড়া রিফাইনারি স্থাপনের সুযোগ নেই। তবে এই বিধান অনুসরণ না করেই কর্ণফুলীতে এসপিএলের প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

বুধবার সন্ধ্যায় প্ল্যান্ট পরিদর্শনের পর বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন। তিনি সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান।

জাহিদ হোসাইন বলেন, সরকারি অনুমোদন না থাকলেও এসপিএলের রিফাইনারি নির্মাণের কাজ চলছে। প্রকল্প এলাকায় কিছু উন্নয়নকাজের পাশাপাশি নতুন ট্যাংক নির্মাণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ক্রুড প্ল্যান্টও পরিদর্শন করেছে কমিটি। এ-সংক্রান্ত কিছু নথি জমা দিয়েছে এসপিএল, যেগুলো বর্তমানে যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত যত নথি জমা দেবে, প্রতিবেদনে সেগুলোর ভিত্তিতেই তথ্য তুলে ধরা হবে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ নির্মাণের বিষয়টিও প্রতিবেদনে আসতে পারে।

বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানির বিষয়ে বিপিসির অনুমোদন নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে কমিটির প্রধান বলেন, এ ধরনের আমদানির জন্য এসপিএল বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা অফিস আদেশের মাধ্যমে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে রিফাইনারিটির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জাহিদ হোসাইন বলেন, কমিটি মাত্র প্ল্যান্ট পরিদর্শন করেছে। আরও কিছু বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে তথ্য চাওয়া হতে পারে। সদস্যরা সেসব বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে আলোচনা করবেন।

বুধবার তিন ঘণ্টার বেশি সময় প্ল্যান্ট এলাকায় অবস্থান করলেও কমিটি রিফাইনারির প্রকৃত কারিগরি সক্ষমতা পরীক্ষা করেনি বলে জানান তিনি। প্রতিটি মেশিনারিজ চালু করে পরীক্ষা করা হয়নি। এ কাজ করবে কারিগরি কমিটি। তারা প্ল্যান্টের ইনপুট-আউটপুট প্রক্রিয়াও যাচাই করবে। উৎপাদনের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে কারিগরি সক্ষমতা যাচাইয়ের আগেই উৎপাদন শুরুর সুপারিশ করার প্রক্রিয়া নিয়ে জ্বালানি খাতে প্রশ্ন উঠেছে। একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি সংস্থার ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে বিপিসি, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিস্ফোরক পরিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদন রয়েছে। পাশাপাশি আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনও প্রয়োজন।

অভিযোগ রয়েছে, এসপিএল এসব বাধ্যতামূলক অনুমোদনের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেনি। যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকি হয়েছে কি না, কিংবা ঘোষণার আড়ালে অন্য পণ্য আনা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর মধ্যেই এসপিএল বছরে চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুডসহ মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22261 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 12:23:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh