• হোম > জাতীয় | দেশজুড়ে | সারাদেশ > ২৪তম বিসিএস ফোরামের নতুন সভাপতি লিটন, সম্পাদক রওশনুজ্জামান

২৪তম বিসিএস ফোরামের নতুন সভাপতি লিটন, সম্পাদক রওশনুজ্জামান

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:৪৫
  • ২১

---

ইবি রিপোর্ট

২৪তম বিসিএস ফোরামের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বদরুল হাসান লিটন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন)। সব ক্যাডারের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফোরামের নতুন নেতৃত্ব নির্বাচনে ৫১ সদস্যের একটি সার্চ কমিটি কাজ করে। সব ক্যাডারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করে। সার্চ কমিটির সদস্যদের বিপুল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সভাপতি পদে বদরুল হাসান লিটনের নাম সুপারিশ করা হয়।

বদরুল হাসান লিটন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২৪তম বিসিএস ফোরামের রূপকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি। সার্চ কমিটির সুপারিশের পর ফোরামের সদস্যরা সর্বসম্মত ঐকমত্যের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচিত করেন। একই প্রক্রিয়ায় অ্যাডিশনাল ডিআইজি মো. রওশনুজ্জামান সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ফোরাম সংশ্লিষ্টরা জানান, নেতৃত্ব নির্বাচন ঘিরে পুরো সময়জুড়ে সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় ছিল। পাশাপাশি সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশও বিদ্যমান ছিল। তাদের মতে, এ পরিবেশ ২৪তম বিসিএস ফোরামের প্রাতিষ্ঠানিক শক্তি ও পরিপক্বতার দৃষ্টান্ত।

নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ফোরামের সার্চ কমিটি ও অ্যাডহক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছে।

ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের দক্ষতা ও প্রজ্ঞায় সংগঠন আরও শক্তিশালী হবে। তাঁদের পেশাগত অভিজ্ঞতা এবং সমন্বয়ধর্মী দৃষ্টিভঙ্গি সংগঠনকে গতিশীল করতে সহায়ক হবে। এর মাধ্যমে ২৪তম বিসিএস ফোরাম আরও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

একই সঙ্গে বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা সদস্যদের। তাঁদের মতে, নতুন নেতৃত্ব পেশাগত বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি বদরুল হাসান লিটন এবং সাধারণ সম্পাদক রওশনুজ্জামান সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন ফোরামের সদস্যরা। তাঁরা বলেন, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের আগামী পথচলা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি ২৪তম বিসিএস ফোরামের কার্যক্রম মর্যাদাপূর্ণ, সাফল্যমণ্ডিত ও গৌরবময় হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22257 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 02:19:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh