• হোম > জাতীয় | দেশজুড়ে > ৩২৫ টাকায় ঢাকা-পাবনা, আজ সকাল ৮টা থেকে মিলছে নতুন ট্রেনের টিকিট

৩২৫ টাকায় ঢাকা-পাবনা, আজ সকাল ৮টা থেকে মিলছে নতুন ট্রেনের টিকিট

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:১৭
  • ১৯

---

ইবি রিপোর্ট 

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ। এ রুটে নতুন যুক্ত ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের অনলাইন টিকিট আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে মিলছে। এরপর প্রতিটি যাত্রার নির্ধারিত তারিখের ১০ দিন আগে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি হবে।

রেলওয়ে সূত্র জানায়, পাবনা থেকে ঢাকার ভাড়া নন-এসি আসনে ৩২৫ টাকা, এসি চেয়ারে ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসনে ৯৭৮ টাকা।

আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক চলাচল।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে একটি উদ্বোধনী বিশেষ ট্রেন ছাড়বে। এর টিকিট অনলাইনে মিলবে না। আগ্রহীদের পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট নিতে হবে। এ ট্রেন পাবনা ও ঢাকার মাঝে শুধু ঈশ্বরদীতে থামবে।

নিয়মিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার পথে ছাড়বে। ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে।

নিয়মিত চলাচলে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22238 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 02:19:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh