• হোম > জাতীয় | বাংলাদেশ > আইজিপির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইজিপির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:৫০
  • ৩৩

---

ইবি রিপোর্ট

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পুলিশি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বৈঠকে স্থান পায়।

এ ছাড়া মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা। এসব অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।

বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলা এবং ডিজিটাল ফরেনসিক তদন্তের মতো বিষয়েও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তদেশীয় অপরাধ দমন এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22227 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 02:19:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh