• হোম > জাতীয় | শিক্ষা > প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৭
  • ২৪

---

ইবি রিপোর্ট

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো এবং চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তার পরিধি বাড়াতে চায় সংস্থাটি। এদিকে প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান কর্মসূচিগুলো আরও কার্যকর ও ফলাফলভিত্তিক করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং এ আগ্রহের কথা জানান।

বৈঠকে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে বিনিয়োগ করে আসছে। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা তৈরি, শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদান।

তবে এসব বিনিয়োগের সুফল শিক্ষার্থীরা কতটা পাচ্ছে, তা যাচাই করাও প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, শুধু অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষা উপকরণ সরবরাহ করলেই শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হয় না। শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান পদ্ধতি কতটা কার্যকর এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারছে কি না, সেটিও সরাসরি পর্যবেক্ষণ করতে হবে।

এ কারণে সরকার এখন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষকদের পাঠদানের কৌশল এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতির ওপর বিশেষ নজর দিচ্ছে বলে জানান তিনি।

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বা পিইডিপি-৫ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচিটির কার্যক্রম ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য এবং ফলাফলভিত্তিক করার উদ্দেশ্যে এটিকে একাধিক পৃথক প্রকল্পে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ছয়টি পৃথক প্রকল্প নেওয়া হবে। এতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন, প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল আলাদাভাবে নির্ধারণ করা সহজ হবে। পাশাপাশি বিদ্যমান উন্নয়ন সহযোগিতার আওতায় নেওয়া কার্যক্রম ও ইতোমধ্যে দেওয়া সহযোগিতার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রাথমিক শিক্ষার বাইরে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষকে দক্ষতা উন্নয়ন এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগের আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে এ খাতে বড় পরিসরের প্রকল্প নেওয়ার সুযোগ রয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরেন তিনি।

ঝাং কিংফেং বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের মান এবং শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর সরাসরি পর্যবেক্ষণের উদ্যোগ এডিবির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তা সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ এবং প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ সংস্থাটির প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22223 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 02:33:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh