• হোম > খেলা | জাতীয় | দেশজুড়ে > পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৬:৩১
  • ১৫

---

ইবি স্পোর্টস রিপোর্ট 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালেই থেমে গেল জুনিয়র টাইগারদের যাত্রা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ব্যর্থ হয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান ও উসমান খান তুলে নেন অর্ধশতক। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। তবে এটিই ছিল ম্যাচে বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও প্রত্যাশিত প্রতিরোধ গড়তে ব্যর্থ হন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি তুলে নেন অর্ধশতক। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় ১০০ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন রানের দেখা পাননি। শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান। ফলে বড় ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22204 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 01:17:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh