![]()
ইবি রিপোর্ট
জ্বালানি খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ পিএলসির আয় বেড়েছে। তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা কমেছে। ২০২৬-২৭ হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আয় হয়েছে ১ হাজার ৫২১ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৯৮৯ কোটি ৬৫ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭১ কোটি টাকা। আগের বছরের একই প্রান্তিকে এ মুনাফার পরিমাণ ছিল ৯৬ কোটি টাকা। ফলে আয় বাড়লেও কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৫ কোটি টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৯৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬৩ পয়সা।
এর আগে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই হিসাব বছরে এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ টাকা ৪ পয়সা। আগের ২০২৪-২৫ হিসাব বছরে এ আয় ছিল ১১ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৯ টাকা ৯০ পয়সা।
২০২৪-২৫ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য ৫২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এমজেএল বাংলাদেশের পর্ষদ। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১১ টাকা ৩৬ পয়সা। এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৮ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছিল ৫৪ টাকা ৬ পয়সা।
এদিকে ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই হিসাব বছরে এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮ টাকা ৭১ পয়সা।
২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এমজেএল বাংলাদেশ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। পাশাপাশি কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৯৮৮ কোটি ৩৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি।
শেয়ারহোল্ডিংয়ের হিসাবে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে কোম্পানিটির ৭১ দশমিক ৫২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ২২ দশমিক ৯৪ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে শূন্য দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার। বাকি ৫ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।