• হোম > জাতীয় | রাজনীতি > পেট্রোল বোমা ছুড়ে আন্দোলন থামানো যাবে না: নুসরাত তাবাসসুম

পেট্রোল বোমা ছুড়ে আন্দোলন থামানো যাবে না: নুসরাত তাবাসসুম

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৬:১৩
  • ২৯

---

ইবি রিপোর্ট

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ হামলার মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা সম্ভব হবে না জানিয়ে জনগণের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সংসদ সদস্য। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। এ সময় এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, তাঁর বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে একটি ফোনকলের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগেও এবং পরেও তাঁর কাছে একাধিক হুমকিমূলক ফোন আসে। এসব ঘটনার পর তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘রাতের আঁধারে এভাবে পেট্রোল বোমা মেরে ও আগুন দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা যেভাবে মাঠে আছি, কোনো হুমকি বা হামলা আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না। আগুনের পথ পাড়ি দিয়েই আমি আমার কাজ করে যাব।’

তিনি এই হামলাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে অভিযোগ করেন, সন্ত্রাসী লীগের লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে উল্লাস করছেন। তাঁর ভাষ্য, ভয়ভীতি ও হামলার মাধ্যমে সাময়িকভাবে কষ্ট দেওয়া সম্ভব হলেও আন্দোলন থেকে তাঁদের সরানো যাবে না।

নুসরাত বলেন, বাংলাদেশের মানুষ গত ১৭ বছরে এ ধরনের অসংখ্য ঘটনার মুখোমুখি হয়েছেন। তাঁর মতে, এসব ঘটনার পরিণতিতেই আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যারা হামলা চালিয়ে তাঁদের দমিয়ে রাখার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত তাদেরই ব্যর্থ হতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি জানান, গত মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় এ-সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপরও হামলা ঠেকানো সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি ঘটনার তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সতর্ক করেছিলেন এবং উল্লাস প্রকাশ করেছিলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বলে সবকিছু অস্বীকার করলেই সমস্যার সমাধান হবে না। দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্টদের পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নুসরাত তাবাসসুম এই হামলাকে জুলাই ও জুলাই-সংশ্লিষ্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের সবার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। প্রশাসনকে দ্রুত হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যথায় দলীয়ভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এর আগে বুধবার দিবাগত রাত ১২টার পর বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলেরও মৃত্যু হয়।

ঘটনার পর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন নুসরাত। একই রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার নিন্দা জানান। দলটির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা ছোড়ে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অপরটি বাড়ির উঠানে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও দলের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় পৌঁছান।

নুসরাতের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) জানান, পুরোনো টিনশেড বাড়িটিতে শাবান ইসলাম নামের একজন কেয়ারটেকার স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। সেখানে ছোট একটি খামারও ছিল। পাশের তিনতলা ভবনে পরিবারের সদস্যরা বসে গল্প করার সময় হঠাৎ তিনটি বিকট শব্দ শোনা যায়। এরপর পুরোনো বাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22187 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 07:44:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh